বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন পরিচালক কিংবা এডহক কমিটির সদস্য এবং কর্মচারি; কেউই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাথে ব্যবসায়িকভাবে জড়িত হতে পারবে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যারা বিপিএলের সাথে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত হবেন এবং সেটা প্রমাণ হবে; তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’।
গতকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় আসর শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার প্রাক্কালে তিনি এ কথা বলেন। আগামী বছর ১৭ জানুয়ারি থেকে বিপিএলের দ্বিতীয় আসর শুরু হবে। এর আগে ২০ ডিসেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। এছাড়া বিপিএলের ফ্রাঞ্চাইজিদের আগামী ৩০ ডিসেম্বরের আল্টিমেটাম দিয়েছে বিসিবি। এর মধ্যে লোকাল সব খেলোয়াড়ের পাওনা পরিশোধ করতে হবে ফ্রাঞ্চাইজিদের।
বিসিবির দুই একজন পরিচালক বিপিএলের প্রথম আসরের সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের উপস্থিতিতেও খেলোয়াড়দের পাওনা সময়মত পরিশোধ করেনি। তাছাড়া বিসিবি পরিচালকদের সম্পৃক্ততার কারণে চারদিকে সমালোচনার ঝড়ও উঠে। অবশেষে বিসিবি সভাপতি দায়িত্ব নেয়ার পর খেলোয়াড়দের পাওনা পরিশোধের ব্যাপারে উদ্যোগ নেন। কাল এ ব্যাপারে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিসিবির কেউই শুধু বিপিএল নয়, ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোন ধরনের টুর্নামেন্টে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত হতে পারবেন না। তাদেরকে এই সুযোগ দেয়া হবে না। যদি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তবে বোর্ড কঠোর ব্যবস্থা নিবে’।
বিপিএলের প্রথম আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিক মতো পরিশোধ না করায় তৈরি হয়েছে বেশ বিতর্ক। এবার সেই দিক বিবেচনা করে সুষ্ঠুভাবে বিপিএলের দ্বিতীয় আসর আয়োজন করতে চায় বিপিএলের গভর্নিং কাউন্সিল। বিসিবির এডহক কমিটি দায়িত্ব নেয়ার পর গভর্নিং কাউন্সিলও পরিবর্তন আনা হয়। ডা. আই এইচ মল্লিক সদস্য সচিব এবং আফজালুর রহমান সিনহাকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। কাল দ্বিতীয় আসর শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে গিয়ে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান সিনহা বলেন, ‘ফ্রাঞ্চাইজিদের সাথে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে সময় চেয়েছে। যেহেতু তাদের দেয়া আল্টিমেটাম শেষ হতে এখনো কিছু সময় বাকি। তাই আপাতত তাদেরকে কিছু বলা হচ্ছে না। তবে ৩০ ডিসেম্বরের মধ্যে সব দেশি খেলোয়াড়দের পাওনা পরিশোধ করতে হবে’।
অতীতে আল্টিমেটাম দিলে ফ্রাঞ্চাইজিরা সময়মত খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেনি। ফের আল্টিমেটাম দিয়েও কি কোন লাভ হবে? সিনহা অবশ্য বলেছেন, ‘যদি নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করে তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে’। বিপিএলের দ্বিতীয় আসরে খেলোয়াড়দের পাওনা পরিশোধেও কিছু নতুন নিয়ম বেঁধে দিয়েছে গভর্নিং কাউন্সিল। খেলা শুরুর আগে শতকতা ২৫ ভাগ পরিশোধ করতে হবে ফ্রাঞ্চাইজিদের। খেলা শেষে আরো ২৫ ভাগ টাকা পরিশোধ করতে হবে। বাকি ৫০ ভাগ টাকা পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
বিপিএলের প্রথম আসর সম্পন্ন হলেও এখন পর্যন্ত ছয় ফ্রাঞ্চাইজির সাথে বিসিবি কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টসের সাথে কোন ধরনের চুক্তি হয়নি। চুক্তি না থাকায় খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টি নিয়েও বোর্ড সেভাবে ফ্রাঞ্চাইজিদের চাপও দিতে পারেনি। এবার দ্বিতীয় আসর শুরুর আগেই ফ্রাঞ্চাইজিদের সাথে চুক্তি সম্পন্ন করবে বিসিবি। চুক্তিটি সরাসরি ক্রিকেট বোর্ডের সাথে হবে গেম অন স্পোর্টসের সাথে নয়। সেই সাথে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টিও বিসিবি গ্যারান্টি হিসেবে থাকবে। ফ্রাঞ্চাইজিরা বিসিবিকে টাকা দিবে, বিসিবি খেলোয়াড়দের পরিশোধ করবে। কাল এসব তথ্যই দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান।
উন্নয়ন কাজ চলছে বিধায় গত আসরের অন্যতম ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে পাচ্ছে না বিপিএল কমিটি। উন্নয়ন কাজ চলছে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির মাঠেও। তাই এবারের বিপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেটের বিভাগীয় স্টেডিয়াম, কাল মাঠগুলোর তথ্য দিলেন বিপিএল কমিটির সদস্য সচিব মল্লিক।
বিপিএলের দ্বিতীয় আসর থেকে আরো একটি বিভাগ যোগ হতে যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী ছাড়াও যোগ হবে রংপুর বিভাগও। গভর্নিং কমিটির চেয়ারম্যান বলেন, ‘খেলোয়াড় নিলামের আগেই গেম অন স্পোর্টস নিজেরাই রংপুর বিভাগের ফ্রাঞ্চাইজি ঠিক করবে। আশা করছি কালকের (আজ) মধ্যে ফ্রাঞ্চাইজি ঠিক হয়ে যাবে’।
