পাকিস্তানের ব্যাটিং উপদেষ্টা ইনজামাম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:১৭
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ইনজামাম-উল-হকের জন্য অন্যরকম একটা কিছু। ক্যারিয়ার গড়ার চেয়ে সবসময় বেশি গড়ে রান করেছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশের বিপক্ষে। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি, শেষ ওয়ানডে ইনিংসে ৭৯ রান করেছেন। আগামী বছরের সিরিজে ভারতের বিপক্ষে এমন সাফল্য পাকিস্তানের সব ব্যাটসম্যানই নিশ্চয়ই চাইবেন। আর সেই সাফল্যের উপায়টা অন্তত বাতলে দিতে তাদের প্রস্তুতি ক্যাম্পে এবার উপস্থিত থাকছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেটের অন্যতম বিনোদনদায়ক ব্যাটসম্যান ইনজামাম-উল-হক। ইনজামামের নিয়োগ স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নয়। সিরিজ-বাই-সিরিজ ভিত্তিতে তিনি কাজ করবেন ব্যাটিং উপদেষ্টা হিসেবে। যদিও ভারত সফরে দলের সঙ্গে থাকবেন না ইনজামাম। তবে ক্যাম্পে কাজ করবেন খেলোয়াড়দের সঙ্গে। বৃহস্পতিবার লাহোরের কাছে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। তিনি আরও জানান, ভারত সফরের প্রস্তুতি ভালো করার জন্য দলে একজন মনোবিদও নিয়োগ দেয়া হয়েছে, ‘আমরা ভারত সফরের আগে ইনজামামের সার্ভিসটা চাচ্ছি। ও যদিও ভারতে যাবে না। তবে ক্যাম্পে ব্যাটসম্যানদের সহায়তা করবে। সে দক্ষিণ আফ্রিকায় সফরের অংশ থাকবে। দলে মনোবিদ মকবুল বাবরিকে নিয়োগ দেয়া হচ্ছে চ্যালেঞ্জিং এই ভারত সফরের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য।’ পাকিস্তানের ব্যাটিং নিয়ে যেমন অনেকদিন ধরে সমালোচনা চলছে, তেমনই অনেকদিন ধরেই চলছে ব্যাটিং কোচ নিয়োগের দাবি। ডেভ হোয়াটমোরকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার পাশাপাশি তাকে বিশেষ ভাবে ব্যাটিং নিয়ে কাজ করার কথা বলা হয়েছিল। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং কিংবদন্তী জাভেদ মিয়াদাদ কাজ করেছে দলের সঙ্গে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটসম্যানরা খারাপ করায় আবার দাবিটা জোরালো হয়েছে। পরে পিসিবি বিজ্ঞপ্তি দেয়ায় ব্যাটিং কোচ হতে পাকিস্তানের দুই লিজেন্ডারি ব্যাটসম্যান জহির আব্বাস ও সেলিম মালিকও আগ্রহ জানিয়েছিলেন কোচ হওয়ার। পরে ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইনজামামকে।