উদ্বোধনী দিনেই ভালো অবস্থায় অজিরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:১৯
স্বাগতিক অস্ট্রেলিয়া হোবার্টে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির উদ্বোধনী দিন শেষে শ্রীলংকার বিরুদ্ধে চার উইকেটে ২৯৯ রান তুলে ভালো অবস্থান গড়ে নিয়েছে। অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক টসে জিতে ব্যাটিং নেয়ার পর সূচনাটা ভালো না হলেও পরে পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে আসে। লংকান বোলার চানক্য ওয়েলেগেদেরা ওপেনার এড কাওয়ানকে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরত পাঠিয়ে প্রথম সাফল্যের দেখা পান। এরপর ওয়ান ডাউন ফিলিপ হিউজ এসে ওপেনার ওয়ার্নারের সাথে জুটি বেঁধে রানের চাকা সচল করেন। সফরকারী বোলারদের বিরুদ্ধে বেশ দক্ষতার সাথে রান তুলতে থাকেন তারা। কিন্তু দলীয় ৯৭ রানে হিউজের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ওয়ার্নার (৫৭)। দু’জনের জুটিতে ৭৯ রান ওঠে। ওয়ার্নারের বিদায়ের পরও রান তোলায় ভাটা পড়েনি অস্ট্রেলিয়ার। শেন ওয়াটসনকে নিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে থাকেন হিউজ। ক্যারিয়ারে চতুর্থ টেস্ট অর্ধশতকের দেখাও পান তিনি ওই সময়। এরই মাঝে অজি শিবিরে তৃতীয়বারের মতো আঘাত হানেন ওয়েলেগেদেরা। ওয়াটসনকে ব্যক্তিগত ৩০ রানে বিদায় করে দেন বাঁ-হাতি পেসারটি। ওয়াটসনের বিদায়ের কিছুক্ষণ পর প্যাভিলিয়নে পথ ধরেন হিউজও। আটটি চার ও এক ছক্কার মারে ১৬৬ বলে ৮৬ রান করে ওয়েলেগেদেরার তৃতীয় শিকার হন তিনি। ১৯৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক ক্লার্ক ও মাইক হাসি পঞ্চম উইকেটে জুটি বেঁধে আবারো দলকে ভালো অবস্থায় নিয়ে যান। ফর্মে থাকা ক্লার্ক টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি তুলে ৭০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গী হাসি অপরাজিত ছিলেন ৩৭ রানে। স্কোর কার্ড অস্ট্রেলিয়া ১ম ইনিংস ডেভিড ওয়ার্নার রান আউট (ম্যাথুস/দিলশান) ৫৭ এড কাওয়ান ক এরাঙ্গা ব ওয়েলেগেদেরা ৪ ফিলিপ হিউজ ব ওয়েলেগেদেরা ৮৬ শেন ওয়াটসন ক মাহেলা জয়াবর্ধনে ব ওয়েলেগেদেরা ৩০ মাইকেল ক্লার্ক অপরাজিত ৭০ মাইক হাসি অপরাজিত ৩৭ অতিরিক্ত (বাই ১, লেগবাই ৩, ওয়াইড ১, নো-বল ১০) ১৫ মোট: (৯০ ওভারে ৪ উইকেট ) ২৯৯ উইকেট পতন: ১/১৮ (কাওয়ান), ২/৯৭ (ওয়ার্নার), ৩/১৮৩ (ওয়াটসন), ৪/১৯৮ (হিউজ)। বোলিং : নুয়ান কুলাসেকেরা ২২-২-৫১-০ (নো-৫, ও-১), চানক্য ওয়েলেগেদেরা ২০-১-৯৯-৩ (নো-৩), শামিন্দা ইরাঙ্গা ১৬-৩-৫২-০ (নো-২), অ্যাঞ্জেলো ম্যাথুস ১১-২-৩৫-০, তিলকরত্নে দিলশান ৪-০-১১-০, রঙ্গনা হেরাথ ১৭-৩-৪৭-০। -বাসস