রিয়েলিটি শো থেকে বাদ দেওয়া হলো সারিকাকে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪১
মাত্র কিছুদিন আগে টেলিভিশন প্রডিউসার অ্যাসেসিয়েশন থেকে বহিষ্কার আদেশ নিয়ে ঘুরছিলেন। অতঃপর সেই সংকট মিটতে না মিটতেই এবারে একটি রিয়েলিটি শো থেকে বহিষ্কার করা হলো মডেল অভিনেত্রী সারিকাকে। স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির নির্মাণাধীন ড্যান্স রিয়েলিটি শো ‘স্টার ড্যান্স’-এর একটি গ্রুপে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু প্রতি পর্বের শুটিংয়ে নানান রকম খামখেয়ালী আর সেটে বিলম্বে আসা নিয়ে পুরো ইউনিট ভোগান্তিতে ছিলেন। অতঃপর উপায়ন্তর না দেখে সারিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ জানান, ‘আমাদের স্টার ড্যান্স এর টিমে মূল প্রতিযোগি এবং সহশিল্পীরাই আছেন শুধু ৮০ জনের ওপরে। টেকনিক্যাল টিমের কথা বাদই দিলাম। তাই এখানে একজন কোনো খামখেয়ালী করলে পুরো ইউনিটের সেই ভোগান্তি পোহাতে হয়। আমরা বার বার নোটিশ করেও কোনো সুফল যখন পাচ্ছিলাম না। তখন উপায়ন্তর না দেখে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিই। এতেও আমাদের বেশ মোটা অংকের আর্থিক ক্ষতি হয়ে গেছে। কিন্তু কানিজ আলমাস খান, বিজরী বরকতউল্লাহ, ফেরদৌসের মতো সিনিয়র শিল্পীদের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।’ এদিকে এ প্রসঙ্গে সারিকার কাছে মন্তব্য জানতে চাওয়া হলে কোনো ধরনের মন্তব্য করতে তিনি রাজি হননি। জানা গেছে ‘স্টার ড্যান্স’-এ সারিকার জায়গায় পারফর্ম করবেন লাক্স সুন্দরী রিয়েলিটি শো বিজয়ী মৌসুমী।