বিজয় দিবসে ‘পালকি’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
আগামীকাল বিজয় দিবস। কাল রাত ১টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘পালকি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। নাটকের কাহিনীতে দেখা যাবে—চার বেহারার পালকি চলে। নদীর পাড়, সর্ষে ক্ষেত, কুমোর পাড়া পেরিয়ে পালকি চলে। বেহারা আর বরযাত্রীর দলে নেই কোনো আনন্দ। অজানা এক ভয় নিয়েই গন্তব্য তাদের। সময়টা একাত্তর। গল্পটা যুদ্ধের। সন্ধ্যা হলে পথ ভুলে যায় বেহারার দল। অচেনা কোনো বাড়ির উঠোনে দাঁড়ায়। বাড়ির কর্তা নেয়ামত মুন্সী। নতুন বউ, বর আর বেহারার দলের অসহায় চেহারা দেখে মায়া হয় নেয়ামতের। পথ ভোলা মানুষগুলো যাতে কোনো বিপদে না পড়ে, আর্মি ক্যাম্পে ধরা না খায়-তাইতো নিজেই তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। বেহারার দল খুশি। খুশি পালকিতে বসা নতুন বউ। পাশে হেটে আসা জামাইও। তারপর অন্ধকার নামে। নেয়ামত মুন্সী নামের ভদ্র মানুষটির আসল চেহারা প্রকাশ পায়।