সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় আইলা ও সিডর দুর্গত এবং মঙ্গাকবলিত এলাকায় বিনাসুদে কৃষিঋণ বিতরণে জনতা ব্যাংকের নীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এই নীতি অনুসরণ করে দেশে কার্যরত অন্য সব রাষ্ট্রীয় ব্যাংককে প্রান্তিক কৃষক এবং বিত্তহীন মহিলাদেরকে সুদমুক্ত ঋণ প্রদানের মৌখিক নির্দেশ দিয়েছে।
সমপ্রতি বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের সাথে বৈঠক করে এ নির্দেশ প্রদান করে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা জানান, আইলা ও সিডর এলাকার প্রান্তিক কৃষকরা নিরুপায় হয়ে কৃষিকাজ থেকে ছিটকে পড়ছে। কখনও চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে কিছু করার চেষ্টা করছে। এ সব ছিন্নমূল মানুষকে কৃষিতে ধরে রেখে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে জনতা ব্যাংকের সুদমুক্ত ঋণ কর্মসূচি দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রাম্য মহাজন ও সুদি কারবারীদের সুদের বোঝা বইতে না পেরে এ সব ছিন্নমূল মানুষ যেন শহরে পাড়ি না দেয়, এ জন্য কেন্দ্রীয় ব্যাংক জনতা ব্যাংকের এই সফল কর্মসূচিকে কাজে লাগাতে চায়। এ লক্ষ্যে অন্য সব রাষ্ট্রীয় ব্যাংককে সীমিত আকারে হলেও এই কর্মসূচি চালু করার নির্দেশ দেয়া হয়েছে। ভূমিহীন ও প্রান্তিক কৃষকের পুঁজির অভাব মেটাতে দেশে প্রথমবারের মতো জনতা ব্যাংক ২০০৯-১০ অর্থবছরে পরীক্ষামূলকভাবে এই ঋণ বিতরণের উদ্যোগ নেয়। গত অর্থবছরে ব্যাংকটি তিন হাজার ১২০ জন কৃষকের মাঝে ৩ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। চলতি অর্থবছরে (২০১২-১৩) এই কর্মসূচির আওতায় জনতা ব্যাংকের ৫ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।
