বিজয় দিবস উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হল ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠান ‘হায়! বাংলাদেশ’। আমন্ত্রিত দু’জন অতিথিই ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বীরদর্পে অংশগ্রহণ করেন। যাদের একজন মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন (নওগাঁ) পেশায় যিনি একজন রিকশাচালক অন্যজন মুক্তিযোদ্ধা শ্রী ধীরেন্দ্রনাথ (সিরাজগঞ্জ) পেশায় যিনি একজন মুচি। বিজয়ের এত বছর পরেও কেন তাদের এমন পেশায় যুক্ত থেকে জীবিকা নির্বাহ করতে হয়? কেন তারা এই পেশাকেই বেছে নিলেন? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান ও বিশিষ্ট সাংবাদিক জাহীদ রেজা নূর। আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দীপু হাজরা। অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হবে।
