কুমিল্লার দেবিদ্বারের একটি প্রাইভেট হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় হাসপাতালের এমডি, নার্স ও আয়াসহ ৬ জনকে আটক করে দেবিদ্বার থানায় নেয়া হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। উপজেলা সদরের ‘আল ইসলাম হাসপাতাল প্রাইভেট লিমিটেডে থেকে শুক্রবার ৩ দিনের এক নবজাতক চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক মহিলা। ঘটনায় পুলিশ হাসপাতালের নির্বাহী পরিচালক নিয়াজ মোহাম্মদ হোসেন (৪০), নার্স আমেনা আক্তার (২৫), ইতিমনি (১৮), আয়া মুরশিদা বেগম (৩২), সুফিয়া খাতুন (২২), রাজিয়া খাতুনসহ (২০) ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। নবজাতক চুরির খবর জানাজানি হলে উপজেলা সদরের ৯টি প্রাইভেট ও ১টি সরকারি হাসপাতালে অর্ধশত প্রসূতী রোগীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নবজাতকের মা আল্পনা (২০) বলেন, আমি পাশের বেডে ছিলাম, এসময় একজন বোরকা পরিহিতা মহিলা কিছু না বলে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে বেড়িয়ে যায়। হাসপাতালের আয়া-নার্সদের ডেকে ঘটনাটি বললেও তারা কর্ণপাত করেনি। দেবিদ্বার থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, ঘটনাটি রহস্যজনক, বহিরাগত বাচ্চা চোর সিন্ডিকেটের সাথে স্থানীয় চক্র জড়িত আছে। প্রসূতির বাড়ি জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। তার স্বামীর বাড়ি নোয়াখালী জেলার মাইজদী। তার স্বামী মোঃ আব্দুস সোহান মাইজদীর একটি ইটভাটার শ্রমিক।
