মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অংশ নিয়েছেন দেশের অনেক ক্রিকেটারই। তার মধ্যে ক্র্যাক প্লাটুনের যোদ্ধা শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েলের কথা বিশেষভাবে স্মরণযোগ্য। সেইসঙ্গে ক্রিকটাঙ্গনের বিশিষ্ট সুহূদ, আজাদ বয়েজের কর্মকর্তা শহীদ মুশতাককেও শ্রদ্ধাভরে স্মরণ করে ক্রীড়াঙ্গন। এই দুইজনকে স্মরণ করার জন্য এবং প্রত্যেক মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৭২ সাল থেকে প্রতি বছর বিজয় দিবসে আয়োজন করা হয় বিজয় দিবস ক্রিকেটের।
এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে বিজয় দিবস ক্রিকেট ম্যাচ। এবারের ম্যাচটি বিশেষভাবে আকর্ষণীয় হবে এই সময়ে জাতীয় দলের কোনো খেলা না থাকায়। ফলে দুই দলেই তরুণ ও অভিজ্ঞ জাতীয় তারকাদের দেখা যাবে। জাতীয় দলের অভিজ্ঞ ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, শাহাদাত হোসেনদের সঙ্গে আসিফ আহমেদ রাতুল, এনামুল হক, সৌম্য সরকারের মতো নতুন তারকারা থাকছেন ম্যাচে।
প্রসঙ্গত উল্লেখ করা যায়, হালিম চৌধুরী জুয়েলকে তত্কালীন পূর্ব পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করা হতো। অত্যন্ত স্টাইলিশ এই ব্যাটসম্যান পাকিস্তান জাতীয় দলের ডাক অগ্রাহ্য করে যোগ দেন মুক্তিযুদ্ধে। বিজয়ের মাত্র একদিন আগে হানাদার বাহিনীর দোসরদের হাতে ধরা পড়ে শাহাদতবরণ করেন তিনি।
শহীদ জুয়েল একাদশ:
ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফীস, নাজিম উদ্দিন, মোহাম্মদ আশরাফুল, মার্শাল আইয়ুব, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইলিয়াস, মোশাররফ হোসেন, আল আমিন, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, জিয়াউর রহমান।
ম্যানেজার: হাসিবুল হোসেন
কোচ: ওয়াহিদুল গনি
শহীদ মুশতাক একাদশ:
আসিফ আহমেদ রাতুল, লিটন কুমার দাশ, এনামুল হক, মমিনুল হক, সৌম্য সরকার, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন অপু, তাসকিন আহমেদ, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, দেওয়ান সাব্বির, মাইশিকুর রহমান, নুরুল হাসান।
ম্যানেজার: হাসানুজ্জামান
কোচ: গোলাম ফারুক চৌধুরী
