অপ্রয়োজনে এন্টাসিড সেবন করবেন না

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৩০
পেটে একটু ব্যথা হলে, গ্যাস হলে, এসিডিটি হলেই আমরা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। ওষুধের দোকান থেকে কেনা এন্টাসিড ট্যাবলেট বা সাসপেনশন সেবন করি। এতে হয়ত বা সাময়িক আরাম পাওয়া যায় কিন্তু দীর্ঘদিন এন্টাসিড সেবনে কিডনি সমস্যাসহ শরীরের নানা ক্ষতি হতে পারে। গ্রামে-গঞ্জে আবার অনেকে সরাসরি খাবার সোডা বা সোডিবাই কার্ব সেবন করেন। কিন্তু আমরা কখনও বুঝতে চাই না দীর্ঘমেয়াদি এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করা উচিত নয়। এ ব্যাপারে বিশেষজ্ঞদের অভিমত দীর্ঘদিন ধরে কোন অবস্থাতেই এন্টাসিড জাতীয় কোন ধরনের ওষুধ সেবন করা উচিত নয়। এন্টাসিড সাসপেনশনের উপাদান ম্যাগনেশিয়াম সালফেট বা এলোমিনিয়াম সালফেট অথবা সোডিবাই কার্ব কিডনির ক্ষতি করে এবং মেটাবলিক বা বিপাকীয় সমস্যা তৈরি হয়। এধরনের অ্যালকালি শরীরের স্বাভাবিক এসিডিটি প্রবাহকে পরিবর্তন করে অ্যালকালাইন অবস্থায় নিতে পারে। ফলে আমাদের জারক প্রক্রিয়ার সমস্যা হতে পারে। তাই যাদের এসিডিটি আছে বা বুক জ্বালাপোড়া করে তাদের অবশ্যই কোন সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নেয়া দরকার। ওষুধের দোকানে এন্টাসিডের পরিবর্তে রেনিটিডিন, ওমিপ্রাজল, ইসোমোপ্রাজলসহ অন্য গ্রুপের বিকল্প ওষুধ পাওয়া যায়। এছাড়া যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের অবশ্যই কোন চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। অনেক ক্ষেত্রে এইচ পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়া থেকে আলসার হতে পারে। এক্ষেত্রে যথাযথ এন্টিবায়োটিক প্রয়োজন হয়। তাই আলসারের কারণ জেনে চিকিত্সা করা উচিত।