বাটেক্সপোতে সাত কোটি ডলারের স্পট অর্ডার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৩০
তৈরি পোশাক উত্পাদক ও রফতানিকারকদের বড় আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) শুক্রবার শেষ হয়েছে। হরতালসহ রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি থাকায় মেলায় দর্শনার্থী ও ক্রেতা তুলনামূলকভাবে কম ছিল। প্রদর্শনীতে যারা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন সেই সব বিদেশি ক্রেতাকেও তেমন দেখা যায়নি। তবে শুক্রবার বাটেক্সপো ঘুরে দেখা গেছে, আগের দুই দিনের তুলনায় দর্শনার্থী কিছুটা বেড়েছে। সেই সাথে বেড়েছে বিদেশি ক্রেতার সংখ্যাও। তবে খোদ আয়োজকরাই স্বীকার করেছেন অন্যবারের তুলনায় এবার মেলায় দর্শনার্থী কম ছিল। এ জন্য তারা হরতালসহ সরকার ও বিরোধী দলের মারমুখী অবস্থানকে দায়ী করেছেন। ইত্তেফাকের সাথে আলাপকালে বিজিএমইএ সহসভাপতি এস এম মান্নান কচি বলেন, হরতালসহ সংঘাতময় রাজনৈতিক কর্মসূচির কারণে অনেক বায়ারের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসতে পারেননি। সাম্প্রতিক হরতাল ও জ্বালাও পোড়াও পরিস্থিতি বিদেশিরা দেখেছে। অবশ্য সমপ্রতি তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়ার ফলে বিদেশি বায়ার কমেছে বলে মনে করেন না তিনি। শুক্রবার পর্যন্ত মেলায় কী পরিমাণ স্পট অর্ডার পাওয়া গেছে সে পরিসংখ্যান বিজিএমইএ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবে।