হোবার্টে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনেই সফরকারী শ্রীলংকাকে চেপে ধরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মাইক হাসির অনবদ্য সেঞ্চুরিতে প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। এরপর ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। দিন শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ৮৭ রান। এখনো ৩৬৩ রানে পিছিয়ে আছে লংকানরা।
টেস্টের প্রথম দিনই বড় স্কোর গড়ার আভাস দিয়েছিল অজিরা। দিন শেষে চার উইকেটে তোলা ২৯৯ রান তেমনই ইঙ্গিত দিচ্ছিল। ঐ সময় অধিনায়ক মাইকেল ক্লার্ক ৭০ ও মাইক হাসি ৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তবে দ্বিতীয় দিনের শুরুতে ক্লার্ক ব্যক্তিগত ৭৪ রানে ফিরে গেলে বড় স্কোরের পথে বাধা সৃষ্টি হয় অস্ট্রেলিয়ার।
তবে ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিয়ে দিনের শুরুর আঘাত সামলে উঠে দলকে বড় স্কোরের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন হাসি। সেইসাথে তুলে ফেলেন হাফ সেঞ্চুরিও। অর্ধশতক পূর্ণ হবার পর কিছুটা মারমুখী হয়ে উঠেন হাসি। আর তাতে ক্যারিয়ারের ১৯তম টেস্ট সেঞ্চুরির স্বাদও পেয়ে যান তিনি।
হাসিকে সেঞ্চুরি পেতে সাহায্য করেন শ্রীলংকার ফিল্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯৬ রানে থাকা অবস্থায় শামিন্দা এরাঙ্গার বলে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ম্যাথুসকে ক্যাচ দেন হাসি। কিন্তু তা ধরতে পারেননি ম্যাথুস। ফলে বলটি বাউন্ডারির সীমানা ছুঁয়ে ফেললে তিন অংকে পা রাখেন হাসি। কম যাননি ম্যাথু ওয়েডও। প্রয়োজনীয় মুহূর্তে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি।
শেষ পর্যন্ত চা-বিরতির কিছুক্ষণ আগে অজি দলপতি ইনিংস ঘোষণা করলে দুই ব্যাটসম্যানই অপরাজিত থেকে যান। হাসি আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ১৮৪ বলে ১১৫ ও পাঁচটি চারের সহায়তায় ১৩৫ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন ওয়েড। শ্রীলংকার পক্ষে ওয়েলেগেদেরা ১৩০ রানে তিন ও এরাঙ্গা ৯০ রানে এক উইকেট নেন।
প্রথম ইনিংসে ব্যাট হাতে জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে যায় শ্রীলংকা। স্কোর বোর্ডে ৪২ রান উঠতেই দুই উইকেট হারায় তারা। ওপেনার দিমুথ করুনা বসে ১৪ ও কুমার সাঙ্গাকারা চার রানে ফিরে যান। এরপর তৃতীয় উইকেটে প্রাথমিক বিপর্যয় সামাল দেবার চেষ্টা করেন আরেক ওপেনার তিলকরত্নে দিলশান ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। কিন্তু জয়াবর্ধনের ভুলের কারণে জুটিটা আর বড় হতে পারেনি। ব্যক্তিগত ১২ রানে শেন ওয়াটসনের বলে লেগ বিফোর ফাঁদে পড়লে তৃতীয় উইকেট হারায় শ্রীলংকা। আর দিনের শেষভাগে থিলান সামারাবীরার উইকেট হারিয়ে ব্যাকফুটে থেকেই দিন শেষ করে সফরকারীরা। সামারাবীরা করেন সাত রান। তবে অন্য প্রান্তে ব্যাট হাতে নৈপুণ্য ধরে রেখেছেন দিলশান। টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি তুলে ৫০ রানে অপরাজিত থাকেন দিলশান। অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নিয়েছেন হিলফেনহস, লিয়ন, সিডল ও ওয়াটসন।—বাসস
স্কোর কার্ড
(দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস (আগেরদিন ২৯৯/৪)
ডেভিড ওয়ার্নার রান আউট (ম্যাথুস/দিলশান) ৫৭
এড কাওয়ান ক এরাঙ্গা ব ওয়েলেগেদেরা ৪
ফিলিপ হিউজ ব ওয়েলেগেদেরা ৮৬
ওয়াটসন ক জয়াবর্ধনে ব ওয়েলেগেদেরা ৩০
মাইকেল ক্লার্ক ক সাঙ্গাকারা ব এরাঙ্গা ৭৪
মাইক হাসি অপরাজিত ১১৫
ম্যাথু ওয়েড অপরাজিত ৬৮
অতিরিক্ত (বা-১, লে বা-৩, ও-১, নো-১১) ১৬
মোট (৫ উইকেট, ১৩১ ওভার) ৪৫০
(ডিক্লেয়ার)
উইকেট পতন : ১/১৮ (কাওয়ান), ২/৯৭ (ওয়ার্নার), ৩/১৮৩ (ওয়াটসন), ৪/১৯৮ (হিউজ), ৫/৩০৪ (ক্লার্ক)।
বোলিং : নুয়ান কুলাসেকেরা ৩২-২-৮০-০ (নো-৫, ও-১), চানক্য ওয়েলেগেদেরা ২৬-১-১৩০-৩ (নো-৪), শামিন্দা এরাঙ্গা ২৫-৫-৯০-১ (নো-২), অ্যাঞ্জেলো ম্যাথুস ১৫-৩-৪১-০, তিলকরত্নে দিলশান ৭-০-৩০-০, রঙ্গনা হেরাথ ২৬-৪-৭৫-০।
শ্রীলংকা প্রথম ইনিংস
দিমুথ করুনারত্নে ক ওয়েড ব হিলফেনহাস ১৪
তিলকরত্নে দিলশান অপরাজিত ৫০
কুমার সাঙ্গাকারা ক হাসি ব সিডল ৪
মাহেলা জয়াবর্ধনে এলবিডব্লু ওয়াটসন ১২
থিলান সামারাবীরা ক ওয়েড ব লিয়ন ৭
অতিরিক্ত ০
মোট (৪ উইকেট, ২৯.১ ওভার) ৮৭
উইকেট পতন : ১/২৫ (করুনারত্নে), ২/৪২ (সাঙ্গাকারা), ৩/৭০ (মাহেলা জয়াবর্ধনে), ৪/৮৭ (সামারাবীরা)।
বোলিং : মিশেল স্টার্ক ৭-১-৩০-০, বেন হিলফেনহাস ৯-৩-১৮-১, নাথান লিয়ন ২.১-২-০-১, পিটার সিডল ৬-১-২৩-১, শেন ওয়াটসন ৫-১-১৬-১।
