ড্রয়েও সন্তুষ্ট বায়ার্ন কোচ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
বায়ার্ন মিউনিখ জার্মান লিগে ড্রয়ে বাধ্য হলেও তা নিয়ে অভিযোগের তর্জনি তুলছেন না ক্লাবটির কোচ জুপ হেইংকস। জার্মান জায়ান্টরা শুক্রবার অনুষ্ঠিত বুন্দেশলিগার খেলায় বরুশিয়া ময়েনশেলগ্লেডবাখের সাথে ১-১ গোলে ড্র করে। সর্বশেষ এ খেলাটির পরও বায়ার্ন মিউনিখ বুন্দেশলিগায় নিজেদের ১৭তম খেলা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়ার লেভারকুসেনের চাইতে আট পয়েন্টে এগিয়ে আছে। বায়ার্ন অবশ্য এক ম্যাচ কম খেলেছে। সফরকারী দলটি বায়ার্নের অ্যালিয়াঞ্জ এরিনায় স্বাগতিকদের হতবাক করে দিয়ে খেলায় এগিয়ে গিয়েছিল। থরবেন মার্কস প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন। বায়ার্ন অবশ্য বিরতির পর বদলি খেলোয়াড় জেরডান শাকিরির গোলে সমতা এনে এক পয়েন্ট জোগাড়ে সক্ষম হয়। হেইংকস বলেন- যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাতে এক পয়েন্ট পাওয়া হলো সবচাইতে কম কিছু। তিনি দাবি করেন খেলায় তার দল ‘নিঃসন্দেহে ভাল’ খেলেছে এবং স্রেফ দুর্ভাগ্যের কারণে একাধিক সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি। এ ব্যাপারে তিনি বলেন,‘আমি খুবই খুশি, যদিও আমরা ১-১ গোলে ড্র করেছি। পুরো ৯০ মিনিটই আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আমরা দুর্দান্তভাবে ভাল খেলেছি এবং বরুশিয়াকে কোন গোল করার সুযোগ দেইনি। তাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা সহজ ছিল না। তবে আমি মনে করি দ্বিতীয়ার্ধের খেলার সুবাদে আমাদের জেতা উচিত ছিল।’ হেইংকস খেলাটি ড্র হওয়ার পেছনে গ্লেডবাখ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেজেনের নৈপুণ্যের বিশেষ প্রশংসা করেন। তিনি তাকে ব্যাভারিয়ায় অনুষ্ঠিত খেলাটির ম্যান অব দ্য ম্যাচ বলতেও দ্বিধা করেননি। তবে হেইংকস এও বলেন যে, জয়ের জন্য তার দলের পক্ষে এর চাইতে বেশি কিছু করা সম্ভব ছিল না। বায়ার্ন কোচ আরো বলেন,‘টের স্টেজেন ছিল মাঠের খেলোয়াড়দের মধ্যে সেরা। সে ছিল অসাধারণ। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা সেগুলো নিতে পারিনি। আমরা রক্ষণেও কোন দুর্বলতা দেখাইনি। তাই আমি দলকে দুষতে পারি না।’