জন্মদিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫৮
শাবনূর :এ দেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা। ১৯৭৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ‘নূপুর’, পরবর্তীতে ‘চাঁদনী রাতে’ ছবির মধ্য দিয়ে ‘শাবনূর’ নামে ঢালিউডে প্রবেশ করেন তিনি। তারপর একে একে প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন। তাকে ঢালিউডের কুইন বলে সম্বোধন করা হয়। টানা দুই দশক তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। অধিকাংশ ছবিতেই তার বিপরীতে ছিলেন সালমান শাহ ও রিয়াজ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘তোমাকে চাই’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’, ‘জীবন সংসার’, ‘মহা মিলন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখী’, ‘তুমি আমার’, ‘স্বপ্নের নায়ক’, ‘বুকের ভিতর আগুন’, ‘প্রেম পিয়াসী’, ‘মন মানে না’, ‘তুমি শুধু তুমি’, ‘ভালোবাসি তোমাকে’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘বিয়ের ফুল’, ‘স্বপ্নের পুরুষ’, ‘তোমার জন্য পাগল’, ‘কাজের মেয়ে’, ‘এ বাঁধন যাবে না ছিড়ে’, ‘মাটির ফুল’, ‘মন’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘শ্বশুড় বাড়ি জিন্দাবাদ’সহ বেশ কিছু ছবি উল্লেখযোগ্য। এসব ছবি তুমুল জনপ্রিয়তা ও ব্যবসা সফলতা অর্জন করে। সালমান শাহ এবং শাবনূর এ দেশের সেরা জুটি হয়েছিলেন। এই জুটির সবকটি ছবিই এ দেশের ব্যবসা সফল ও সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া ছবি। এ দেশের সর্বস্তরেই রয়েছে তার অগণিত ভক্ত। অভিনয় ক্যারিয়ারের সম্মাননা স্বরূপ তিনি অর্জন করেছেন অর্ধশতাধিক অ্যাওয়ার্ড। জনপ্রিয় এই অভিনেত্রী এখন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এমনতো প্রেম হয়’ এবং শহীদুল ইসলাম খোকনের ‘ভালোবাসা সেন্টমার্টিনে’ ছবি দুটির কাজ করছেন। গত বছর শাবনূর ‘থ্রি ইডিয়ট’ নামের একটি ছবি পরিচালনা করার জন্য পরিচালক সমিতির সদস্য পদ গ্রহণ করেন। আজ এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।