এ দেশে সাম্প্রতিককালে একাধিক বাংলা চলচ্চিত্রে আলাদা আকর্ষণ তৈরির স্বার্থেই ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা, গায়ক-গায়িকাদের নিয়ে কাজ করার নতুন প্রবণতা শুরু হয়েছে। সে ক্ষেত্রে এ যাবত্কালে কখনোই দেশের বাইরের শিল্পীর গান সফলতা না পেলেও প্রায় ৩ থেকে ৪ গুণ বাজেটে এইসব গান তৈরি করেই যাচ্ছেন ছবি সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকেরা। সেই ধারাবাহিকতায় এবারে আলোচিত অভিনেতা-প্রযোজক ও পরিচালক এম এ জলিল অনন্ত তার নতুন চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’র জন্য নতুন চমক হিসেবে আনলেন অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’-এর ‘ইয়া আলী’ গান খ্যাত তারকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জুবিন জর্জকে। এ ছবিতে জুবিন প্রথমবারের মতো বাংলা গান গাইলেন? গত ১৪ ডিসেম্বের মুম্বাইয়ের ব্রাদার্স স্টুডিওতে তিনি ‘ঢাকার পোলা’ গানটিতে কণ্ঠ দেন। অনন্য মামুনের লেখা এই গানটির সংগীত পরিচালনায় ছিলেন আকাশ (মুম্বাই)। এই প্রথম জুবিন বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আমাদের বাংলা চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুবই আনন্দিত। ভালো কথা এবং সুর হলে তিনি পরবর্তীতেও বাংলা চলচ্চিত্রে গান করার ইচ্ছা পোষণ করেন।
এম এ জলিল অনন্ত প্রযোজিত ও পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, কাবিলা, ডন, মাহমুদ সাজ্জাদ, সুচরিতা, নায়করাজ রাজ্জাকসহ আরও অনেকে। জুবিনের গান প্রসঙ্গে অনন্ত বলেন, ‘ছবিটির গানের প্রয়োজনেই সংগীত পরিচালক জুবিনকে দিয়েই গাওয়ানোর কথা বললে আমি রাজি হই। গানের মেজাজের সাথে তাকে মানিয়েছে বলেই আমরা তাকে কাস্ট করেছি।’
