তরুণ প্রতিভাবান গায়ক সফিকের প্রথম একক অ্যালবাম সম্প্রতি বাজারে ছেড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিঙ্গার। সাঈফ মাসুম ফিচারিং ‘মায়াবী আকাশ নীল’ নামের এই অ্যালবামে একটি গানে সফিকের সাথে দ্বৈত কণ্ঠ দিলেন সময়ের জনপ্রিয় সংগীত তারকা ন্যান্সি। দেলোয়ার আরজুদা শরফের লেখা ‘ভালোবাসার ইচ্ছে’ শিরোনামে গানটির প্রথম লাইন হচ্ছে ‘হাজার বছর ধরে, পৃথিবী ঘুরে ঘুরে সূর্য থেকে আলো নিচ্ছি’। গানটির সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীত পরিচালনায় রয়েছেন মুশফিক লিটু। রোমান্টিক মেলোডি ধাঁচের এই গান নিয়ে শিল্পী সফিক বলেন, ‘এ সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটি তৈরি করা। আর এ ভাবনা থেকেই এখানে আমার সাথে ন্যান্সিকে গান গাইয়েছি। গানের কথা ও সুর-সংগীতে শ্রোতারা মুগ্ধ হবেন এমনটিই আমার বিশ্বাস।’ ন্যান্সি ও সফিকের গাওয়া এই গানটি ছাড়াও অ্যালবামে আরও আছে ‘এবং আমি’, ‘নাটাই ছেঁড়া ঘুড়ি’, ‘ময়না গো’, ‘ও মেয়ে শোন’, ‘চাঁদ জোছনা’, ‘মা’ শিরোনামের গান।
