শেয়ারবাজারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সরাসরি নজরদারি নিশ্চিত করতে সার্ভিল্যান্স সফটওয়্যার আজ উদ্বোধন করা হবে। আইনবহির্ভূত লেনদেন সরাসরি ও তাত্ক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এ সফটওয়্যারটি কার্যকরী ভূমিকা রাখবে। দুপুরে এসইসিতে সফটওয়্যারটি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উদ্বোধন করার কথা রয়েছে।
জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ (সিএমডিপি-১) এর অর্থায়নে সফটওয়্যারটি চালু করা হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর থেকে সফটওয়ারটি পরীক্ষামূলকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে তথ্য নেয়ার কাজ শুরু করে। গত ১ নভেম্বর থেকে ট্রেডিং চলাকালে দুই স্টক এক্সচেঞ্জ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা শুরু করা হয়। গত ৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সার্ভিল্যান্স সফটওয়্যার চালানোর সিদ্ধান্ত নেয় এসইসি। তবে পদ্ধতিগত কিছু জটিলতার কারণে তা চালু করা সম্ভব হয়নি। আজ সব জটিলতার অবসান করে তা চালু করা হচ্ছে।
