এক সময়ের শস্যভাণ্ডার হিসাবে পরিচিতি থাকলেও সিলেটের কমলগঞ্জ এখন ক্ষুদ্র ও কুটির শিল্পে অবদান রাখছে। এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের একটু সহায়তা দিলেই তারা হয়ে উঠতে পারে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের বিভিন্ন এলাকার মতো এ এলাকার উদ্যোক্তাদেরও সব ধরনের সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক। গত শুক্রবার কমলগঞ্জের তাঁত ক্লাস্টার শিল্প পরিদর্শনের পর এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকমল সিংহ চৌধুরী।
জানা গেছে, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ১৫ জন নারী তাঁতী উদ্যোক্তা গতবছর প্রথম জনতা ব্যাংক ভানুগাছ শাখা থেকে এসএমই ঋণ নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। পরে তারা এক বছরের ঋণ শতভাগ পরিশোধ করে আরো ঋণ নেয়ার প্রক্রিয়ায় আছে। তাঁত শিল্পের ক্লাস্টার এলাকা পরিদর্শনের পর সুকমল সিংহ চৌধুরী উপস্থিত শতাধিক উদ্যোক্তা বাঙালি নারী তাঁতীর সঙ্গে মতবিনিময় করেন।
তাঁত শিল্পী সুন্দরী বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, জনতা ব্যাংক ভানুগাছ শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, পূবালী ব্যাংক আদমপুর শাখার ব্যবস্থাপক অখিল দেবনাথ, জনতা ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তা শোয়েব আহমদ চৌধুরীসহ তাঁত শিল্পের উদ্যোক্তা ও কারিগররা।
