ওবামার মন্তব্যে ভেনিজুয়েলা ক্ষুব্ধ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
অস্ত্রোপচারের পর কিউবার রাজধানী হাভানায় চিকিত্সাধীন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ‘সন্তোষজনকভাবে’ সেরে উঠছেন। অসুস্থ শ্যাভেজের সরকারকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘কর্তৃত্বপরায়ণ’ বলে সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেছে ভেনিজুয়েলা। শনিবার ভেনিজুয়েলার তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাসের বরাত দিয়ে রয়টার্সের খবরে এসব কথা জানানো হয়। তিনদিন আগে অস্ত্রোপচারের পর থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত তথ্য দিয়ে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাস বলেন, ‘ধীরগতিতে হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’ তিনি জানান, শ্যাভেজ তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ভেনিজুয়েলার জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন। ইউনিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাত্কারে কিউবায় চিকিত্সাধীন ওবামার স্বাস্থ্য নিয়ে মন্তব্য করেন ওবামা। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে ভেনিজুয়েলায় স্বাধীনতা নিশ্চিত করা। সেখানে শ্যাভেজের সরকার কর্তৃত্বপরায়ণ শাসক হিসেবে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ভিন্ন মতাবলম্বীদের ওপর সে দেশে নিপীড়ন চালানো হচ্ছে। ওবামা বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয় হলো, ভেনেজুয়েলার ভবিষ্যত্ কী হবে তা সে দেশের জনগণের সিদ্ধান্তের হাতে ন্যস্ত করা উচিত।’