পিসিবির চিঠির অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে সফরসূচি পেলেই পাকিস্তান যাওয়ার ব্যাপারে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। ইতোমধ্যে পিসিবির কাছে সফরসূচি চেয়ে একটি আবেদন করেছে বিসিবি; কিন্তু এখন পর্যন্ত পিসিবি চিঠির কোনো জবাব দেয়নি। বিসিবিও ফের কোনো চিঠি পাঠাবে না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ।
বিসিবি একটি সম্ভাব্য সফরসূচি ঠিক করে পিসিবির কাছে পাঠিয়েছে। বিসিবির সম্ভাব্য তারিখের মধ্যে যদি সফরসূচি চূড়ান্ত করে পিসিবি, তাহলে পাকিস্তান সফরে যেতে কোনো সমস্যা নেই বিসিবির। কাল এরকম তথ্য দিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, ‘আমরা পিসিবির চূড়ান্ত সফরসূচির জন্য অপেক্ষা করছি। তারা দিনক্ষণ ঠিক করলেই আমরা পাকিস্তান যাওয়ার ব্যাপারে প্রস্তুতি শুরু করবো। আমাদেরও একটি সম্ভাব্য দিনক্ষণ রয়েছে। আগামী ১৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে। এর মধ্যে পাকিস্তান সফরের সূচি ঠিক করতে হবে’।
গত এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে সেটি বাতিল হয়েছে। এরপর নতুন সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন দায়িত্ব নেয়ার পর থেকে বেশ কবার পিসিবির সাথে বিসিবির চিঠি চালাচালি হয়েছে। অবশেষে আগামী মাসের জানুয়ারি মাসে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত হয়। তবে বিসিবির সম্ভাব্য তারিখ হচ্ছে ৯ ডিসেম্বর। পাকিস্তানে মাত্র তিনদিনের সফরে যাবে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশ একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
অতীতে নিরাপত্তার কারণে পাকিস্তানের সফর বাতিল হয়েছে অনেকবার। সর্বশেষ আদালতে রিট করে সফরটি বাতিল করা হয়েছে; কিন্তু বিসিবির নতুন এডহক কমিটি দায়িত্ব নিয়েও পাকিস্তান সফরের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখছে। নিরাপত্তার কারণে অন্যান্য দল যেখানে পাকিস্তানে যেতে অনীহা প্রকাশ করছে সেখানে বাংলাদেশ দলের যাওয়াটা কতটা যুক্তিযুক্ত? এ প্রসংগে সিরাজ বলেন, ‘আমাদের বোর্ডের আগের সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কথা দিয়েছিলেন। সেই কথা রাখতেই আমাদের পাকিস্তান সফরে যাওয়া’।
অর্থাত্ বাংলাদেশ দল তিনদিনের সফরে পাকিস্তান যাবে স্রেফ কথা রাখার জন্য। তবে কথা রাখার চেয়েও সাবেক বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপির জন্যই এই সফরটি হচ্ছে বলে জানালেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, ‘দেখুন, সাবেক বোর্ড সভাপতি এখন আইসিসির সহ-সভাপতি। তিনি যেহেতু পাকিস্তানে গিয়ে কথা দিয়েছেন তার কথা রাখতেই সংক্ষিপ্ত সফরে আমরা সেখানে যাচ্ছি’।
পাকিস্তানের অনেক প্রদেশে এখনো গুপ্ত হামলা হয়ে থাকে। এখনো আত্মঘাতী হামলার ভয়ে থাকে স্থানীয় লোকেরা। সেখানে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচ খেলবে কিভাবে? অবশ্য জাতীয় দলের খেলোয়াড়দের জোর করে খেলাবে না বিসিবি। যদি মূল জাতীয় দল নাও খেলে তবুও সফর হবে। প্রয়োজন হলে জুনিয়র খেলোয়াড়দের নিয়ে গড়া হবে বাংলাদেশ-এমন তথ্য দিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা জাতীয় দলের খেলোয়াড়দের চাপ দিব না। যারা খেলতে চাইবে তাদের পাঠাবো। খেলোয়াড়দের আমাদের কাছে আসতেও হবে না। আমরাই বুঝে নিব কারা কারা খেলতে ইচ্ছুক। পিসিবির কাছ থেকে সফরসূচি পেলেই আমরা খেলোয়াড়দের সাথে কথা বলবো’।
