সোনালী অতীতের বিজয় স্মরণ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:০৯
এ দেশের স্বাধীনতাযুদ্ধে ফুটবলাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ফুটবলাররা ভারতে গিয়ে প্রদর্শনী ম্যাচ খেলে অর্থ সংগ্রহ করেছিলেন। মানুষদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন ফুটবল খেলোয়াড়রা। তাদের অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে এদেশের মানুষ। গৌরবময় বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব গতকাল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। মতিঝিলস্থ সংগঠনের মাঠে খেলোয়াড়দের নিয়ে লাল, সবুজ, হলুদ এবং সাদা চারটি দল গঠন করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হলুদ দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে হলুদ দল টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে লাল দলকে। চ্যাম্পিয়ন দলের নুরুল হক মানিক, জাবিদ হোসেন অপু, নাসিরউদ্দিন, আবু ফয়সাল এবং রানার্সআপ দলের মাহবুব হোসেন রক্সি এবং টিটু গোল করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার দেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কোচ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা কামাল। সোনালী অতীত ক্লাবের সভাপতি বাদল রায় ছিলেন না সাধারণ সম্পাদক শেখ মো. আসলাম পায়ে অস্ত্রোপচার হওয়ায় তিনিও টুর্নামেন্টে উপস্থিত হতে পারেননি। আসলাম জানিয়েছেন, তিনি খুলনায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন। গতকাল ছোট একটি অপারেশন করিয়ে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন।’ তিনি বলেন, আমরা প্রতি বছর কিছু অনুষ্ঠান করছি। বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা রেখে এবারও আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি।’ টুর্নামেন্টকে ঘিরে গতকাল সংগঠনটিতে ছিল ভিড়, যারা উপস্থিত ছিলেন আবু নোমান নান্নু, সুলতান আহমেদ, হাসানুজ্জামান খান বাবলু, মামুন বাবু, ছাইদ হাসান কানন, সত্যজিত্ দাস রুপু, আহসান উল্লাহ মন্টু, জসিম উদ্দিন জোসি, জোবায়ের নিপু, গোলাম জিলানী, আরমান মিয়া, শামীম প্রমুখ।