শিরোপা জিতলো করিন্থিয়াস

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪২
হতাশা পিছু ছাড়ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির। এবার তারা ক্লাব ফুটবল বিশ্বকাপে তাদের হারালো ব্রাজিলিয়ান দল করিন্থিয়াস। জাপানে অনুষ্ঠিত ফাইনালে পেরুর স্ট্রাইকার হোসে পাওলো গুয়েরোর করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় তারা। ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে দু’দলই। আক্রমণ-পাল্টা আক্রমণে মুখরিত ছিল জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়াম। এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি কোন দলই। ১১ মিনিটে গোল করার সুযোগ সৃষ্টি করেছিল চেলসি। তবে, ছয় গজ দূর থেকে নেয়া গ্যারি কাহিলের শট গোলরক্ষকের হাতে জমা হয়। ২৬ মিনিটে পেনাল্টি পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল করিন্থিয়াস। তবে তুর্কী রেফারি সুনেইত সাকির পেনাল্টির বাঁশি বাজাননি। গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবলের ধারা বজায় রাখে দু’দল। তবে জাল খুঁজে পাচ্ছিল না কোন দলই। তবে শেষ পর্যন্ত গোল আসে। এমারসনের পা থেকে আসা বলে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে নেন পাওলো গুয়েরো। এরপরও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল চেলসি। তবে, ম্যাচের শেষ মুহূর্তে গ্যারি কাহিল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পরাজয় কপালে জোটে ব্লুজ দলের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্টেরে ২-০ গোলে হারায় মিশরের ক্লাব আল আহলিকে। ম্যাচের তিন মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন দলের মিডফিল্ডার জিসাস ম্যানুয়াল করোনা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মন্টেরে ছিল আরো ভয়ানক। ৬৬ মিনিটে সিজার ফ্যাবিয়ান ডেলগ্যাডোর গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকান দলটি।