নির্ভার আর্সেনাল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
রিডিং রয়ালস এই পর্যন্ত আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হয়েছে মোট দশটি ম্যাচে; আর সবগুলো ম্যাচেই তাদের জয় বঞ্চিত করেছে গানাররা। তাই রিডিংয়ের বিপক্ষে নিজেদের একাদশ ম্যাচে নির্ভার হয়েই মাঠে নামছে কোচ আর্সেন ওয়েঙ্গারের দল। তবে ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে গত অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচের স্মৃতি। সেই ম্যাচে শেষ পাঁচ মিনিটে তিন গোল করে ৭-৫ গোলে জয় পায় আর্সেনাল। তাই অ্যাওয়ে ম্যাচে মাঠে নামার আগে বেশ সতর্ক তারা। নিজেদের শেষ ১৯টি ম্যাচে ১৫টি জয় পেয়েছে রিডিং। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে তাদের বলার মতো কোন সাফল্য নেই। মৌসুমে মাত্র একটি জয় নিয়ে তারা পয়েন্ট তালিকার সর্বনিম্ন স্থানটি দখল করে আছে। আর্সেনালের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য এক বড় পরীক্ষা। শেষ ম্যাচে গত মঙ্গলবার তারা ৩-০ গোলে স্যান্ডারল্যান্ডের কাছে পরাজিত হয়। এদিকে রিডিং দলের কোচ এবং সাবেক আর্সেনাল খেলোয়াড় ব্রায়ান ম্যাকড্যারমট আছেন দল থেকে বহিষ্কারের শঙ্কায়। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমি জানি সবাই আমার চাকরির ব্যাপারে কথা বলছে এবং এই ব্যাপারটা আমার ভালোভাবেই জানা আছে। রাতে আমি বাড়ি ফিরি না। কারণ, জয় নিয়ে বাড়ি ফিরতে কার না ভালো লাগে।’ পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান অষ্টম; পয়েন্ট ২৪। দলের ৬২ বছর বয়সী কোচ আর্সেন ওয়েঙ্গার ম্যাচের আগে বলেন, ‘ দলে ভালো খেলোয়াড় আছে। আমরা যে ধরনের ফুটবল খেলার যোগ্যতা রাখি সেটা করতে পারলেই আমরা ভালো করবো বলে আশা রাখি।’