ইনজামামকে দলের সঙ্গে দ.আফ্রিকা নিতে চায় পিসিবি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
ব্যাটিং পরামর্শক হিসেবে দলের সঙ্গে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য সাবেক অধিনায়ক ইনজামাম উল হককে অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যাওয়ার জন্য পিসিবি প্রধান জাকা আশরাফ ইনজামামকে অনুরোধ করেছেন। ওই কর্মকর্তা জানান, ‘দলের সঙ্গে তার ভারত সফরে কিছুটা সন্দেহ রয়েছে। কেননা, আসন্ন সিরিজে ধারাভাষ্যকার হিসেবে তিনি ইতোমধ্যেই একটি চ্যানেলের সঙ্গে চুক্তি করেছেন।’ সূত্রটি আরও জানায়, ‘দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার ব্যাপারে ইনজামাম জানিয়েছেন, তিনি যেতে পারবেন কিনা খুব শিগগিরই বোর্ডকে জানাবেন। কিন্তু চেয়ারম্যান চাচ্ছেন ইনজামাম দলের সঙ্গে যাক।’ ভারত সফরের জন্য চলমান অনুশীলন ক্যাম্পে শনিবার প্রথম দিন যোগ দেন পাকিস্তানের হয়ে সর্বাধিক ১২০ টেস্ট ও ৩৭৮টি ওয়ানডে খেলা ইনজামাম। তিনি জানান, ‘ইনজামাম আজই প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছেন এবং কয়েকজন ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছেন।’ বোর্ড যখন একজন ব্যাটিং কোচ নিয়োগ দিতে পারছিলো না, এমন সময়েই ইনজামামকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হলো। স্থায়ীভাবে একজন ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার জন্য গত মাসে বিজ্ঞপ্তি দিয়েছিল পিসিবি। কিন্তু পিসিবি’র চাহিদা মতো কেউ আবেদন করেনি। যে কারণে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি। বোর্ডের নীতি-নির্ধারক পর্যায়ের একজন জানান, ইনজামামকে স্থায়ীভাবে নিয়োগ দেয়ার চিন্তা করছিলো কর্তৃপক্ষ। কিন্তু বোর্ডের শর্তাবলী পূরণ না হওয়ায় তাকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া যাচ্ছে না বলেই তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়।-বাসস