সাবেক অধিনায়ক রস টেইলর না থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে দলে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের নতুন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
এক সংবাদ সম্মেলনে ম্যাককালাম বলেন, ‘অতীতে দেশে যা ঘটেছে, তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। খেলোয়াড় হিসেবে ক্রিকেট মাঠের প্রতিই আমাদের নজরটা বেশি এবং এখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।’
‘দলের মধ্যে পর্দার আড়ালে সামান্য টুকিটাকি যা ঘটেছে, তা সেখানেই শেষ এবং আমাদের নজর এখন ক্রিকেটকে এগিয়ে নেয়ার দিকে।’
গত সপ্তাহে ওয়ানডে ও টি-২০ অধিনায়কত্ব কেড়ে নেয়া হলে টেস্ট অধিনায়কত্ব করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন টেইলর। এরপর চলতি সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি টি-২০, দু’টি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ সিরিজের দল থেকেও নিজকে প্রত্যাহার করেন তিনি।
টেইলকে সরিয়ে দেয়ার প্রক্রিয়ায় টেইলর ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রধান ক্রিস মোলার। অধিনায়ক সরিয়ে দেয়ার জন্য যে পথ বেছে নেয়া হয়েছে, তার সমালোচনা করেছেন দেশটির সাবেক খেলোয়াড়রা, সাবেক ব্যাটসম্যান ও কোচ মার্ক গ্রেটব্যাচ বোর্ড প্রধান মোলারের পদত্যাগ দাবি করেছেন।
বর্তমান সময়ে নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হয়ে আসছেন টেইলর। ম্যাককালাম বলেছেন, তার অভাব বেশ ভালভাবেই অনুভূত হবে।
ম্যাককালাম বলেন, ‘তাকে হারানোটা দলের জন্য বড় ক্ষতি। তাকে দলে না পাওয়া মাঠে দলে একজন বড় ব্যাটসম্যানকে না পাওয়া। তবে আরেকটা বিষয় হচ্ছে আপনার যা আছে তা নিয়েই আপনাকে লড়তে হবে।’
‘নেতৃত্বের দৃষ্টিকোণ্ থেকে বিচার করলে আপনার যে সম্পদ রয়েছে, তা ব্যবহার করেই আপনাকে একটা পথ খুঁজে নিতে হবে।’
‘এই অবস্থায় রস জানিয়েছেন, তাকে পাওয়া যাবে না এবং এটা খুবই দুঃখজনক। তবে আশা করছি, আগামী সফরেই তাকে দলে পাওয়া যাবে।’
