শেখ রাসেল মুক্তিযোদ্ধা ও মোহামেডান বিজেএমসি ম্যাচ আজ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
ফুটবলে আজ একদিনে দুটো ম্যাচ হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা এবং সন্ধ্যা সোয়া ছয়টায় মোহামেডান বিজেএমসি মুখোমুখি হবে। দুটো ম্যাচই গুরুত্ব পূর্ণ। কারণ পয়েন্ট টেবিলে এই চার দলের মধ্যে পিছিয়ে রয়েছে শেখ রাসেল এবং বিজেএমসি। তাদের সংগ্রহ তিন খেলায় তিন পয়েন্ট করে। তিন খেলায় ছয় পয়েন্ট করে পেয়েছে মোহামেডান এবং মুক্তিযোদ্ধা। শেখ রাসেল শিরোপা জয় করার জন্য মাঠে নেমেছে। কিন্তু তারা বৃহস্পতিবার অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহামেডানের কাছে ৩-০ হেরেছে। অপ্রত্যাশিত হারের কারণে বিরাট ক্ষতি হয়েছে। পিছিয়ে গেছে দলটি। ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরি মোহামেডানের বিরুদ্ধে খেলা দেখে ক্ষোভ প্রকাশ না করে তার দলের খেলোয়াড়দেরকে নিজেদের ভালো খেলাটা তুলে ধরার তাগিদ দিয়ে মেসেজ পাঠিয়েছেন। বলেছেন, নিজেদের সেরা খেলাটা যেন খেলেন তারা। পুরান ঢাকায় হোসনি দালানের পেছনে ভাড়া বাড়িতে শেখ রাসেলের আবাসিক ক্যাম্পটি এখন নতুন করে জেগে উঠার আশায় মাঠে নামবে আজ। পুরনো ক্ষতি ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি যোগাতে গতকাল বিকালে বুয়েট মাঠে এক ঘন্টা অনুশীলন করেন কোচ মারুফুল হকের দল শেখ রাসেল। ফুটবলাররাও বুঝতে পারছেন এমন হার কাম্য নয়। শিরোপা জয় করতে নেমে কম শক্তির দলের বিরুদ্ধে তিন গোল হজম করবে সেটা মেনে নিতে কষ্ট হয়েছে দলের বিপ্লব, এমিলি, মিঠুনদের। আজ মুক্তিযোদ্ধার সামনে তারা জ্বলে উঠতে চায়। জানিয়ে দিতে চায় মোহামেডানের বিরুদ্ধে হারটি ছিল দুর্ভাগ্যজনক। এমিলির কণ্ঠে এমনটাই শোনা গেল। গতকাল বিকালে অনুশীলন শেষ বললেন মন মানসিকতা খারাপ হয়ে গেছে। এমন বাজে গোল হজম করলে কি-ই বা করার থাকে।’ মোহামেডানের বিরুদ্ধে তিন গোল হজমের পর শেখ রাসেল একটি গোল পায় এমিলির কাছ থেকে। জাতীয় দলের এই স্ট্রাইকারের মতে, তার দল তিনটা বাজে গোল হজম করেছে। আজ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভালো খেলার চেয়েও তাদের লক্ষ্য ম্যাচ জেতা। এমিলি বলেন, ভালো খেলেও কোনো লাভ নেই যদি ম্যাচ জিততে না পারি।’ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বিকাল বেলা অনুশীলন করে ফিরছিলেন, তার মাথায় ঘুরপাক খাচ্ছিল কিভাবে শেখ রাসেলকে কুপোকাত করবেন আজ। মানিকের কাছে শেখ রাসেল কাগজে কলমে বড় দল। তিনি মাঠের পারফরম্যান্সে বিশ্বাস করনে। কারণ মোহামেডান রাসেলের ম্যাচ দেখেছেন তিনি। মুক্তিযোদ্ধায় জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-২৩ যুব ফুটবল দলের কোনো খেলোয়াড় নেই। যারা আছেন তারা যদি বিদেশি ফুটবলারদের সাপোর্ট করতে পারেন তাহলে ভালো কিছু হতেই পারে—এমন বিশ্বাস কোচ মানিকের। দারুণ খেলে শেখ রাসেলকে হারিয়েছে মোহামেডান। অপ্রত্যাশিত জয়টি সাদাকালো সমর্থকদের উত্সাহ দিয়েছে। তারা আজ বিজেএমসিকে হারানোর পরিকল্পনায় মাঠে নামবে। যে একাদশটি খেলেছে রাসেলের বিরুদ্ধে সেটাই মাঠে নামানোর পরিকল্পনা দলের ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানার। শেখ জামালের কাছে ৩-২ এবং রাসেলের কাছে ১-০ গোলে হেরেছে বিজেএমসি। আর সেই রাসেলকে মোহামেডান হারিয়েছে। তাহলে কি মোহামেডান আরো বেশিই শক্তিশালী দল? এমন প্রশ্নে বিজেএমসির কোচ জাকারিয়া বাবুর জবাব আসল একটু কড়া মেজাজের। আমি আমার দলকে এগিয়ে রাখব।’ ডেমরা করিম জুট মিলের মাঠে বিজেএমসি ফুটবল দলের অনুশীলন হয়। গতকাল বিকালে অনুশীলন শেষে মোটর সাইকেলে ফিরছিলেন দলের কোচ জাকারিয়া বাবু। ফোনে বলছিলেন বিজেএমসি এবং রাসেলের বিরুদ্ধে হারলেও তার দল যে খেলাটা খেলেছে সেটা আজ মোহামেডানের বিরুদ্ধে খেললেই তিনি সন্তুষ্ট। একথায় বাবু মোহামেডানের বিরুদ্ধে ম্যাচ জেতার আভাস দিয়েছেন।