আরামবাগকে উদ্ধার করলেন পল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
আরামবাগ স্বস্তি পেয়েছে। প্রথম জয়ের মুখ দেখেছে এবং প্রথম পয়েন্টের মুখ দেখল মতিঝিল পাড়ারা দলটি। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পেশাদার ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে জিতেছে ফেনীর সকার ক্লাবের বিরুদ্ধে। আরামবাগ এমন এক সময় গোলটি পেয়েছে যখন ম্যাচের শেষ মুহূর্ত চলছিল। যে কোনো সময় খেলাটির শেষ বাঁশি বাজবে। সেই অপেক্ষায় ছিলেন সকার ক্লাব এবং আরামবাগ। ভাগ্য ভালো আরামবাগের ম্যাচের ৮৯ মিনিটে আফ্রিকান ফুটবলার আবু পল আরামবাগকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। গতকাল ম্যাচ শেষে সকার ক্লাবের কোচ মাহমুদুল হক লিটন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি তার স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট না। এমনকি বিদেশি ফুটবলাররাও মানসম্মত নয়। তারা দলকে ভালো সার্ভিস দিতে পারছে না। আরামবাগ প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে ১-০ গোল এবং দ্বিতীয় ম্যাচে আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছে। সকার ক্লাব টানা তিন ম্যাচ হারল। আবাহনীর কাছে ৩-০ গোলে এবং বিজেএমসির কাছে ১-০ গোলে হেরেছিল।