বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড (বিজিটিবি) ও ট্রেজারি বিলের দ্বিতীয় স্তরের বাজার কার্যক্রম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাজার ভিত্তিক দর উদ্ভাবন ও ব্যক্তি, প্রতিষ্ঠান নির্বিশেষে সব শ্রেণীর বিনিয়োগকারীরা এ বিল ও বন্ড কেনা- বেচা করতে পারবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অবশ্য গত বুধবার এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ একটি প্রজ্ঞাপন জারী করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কনসালটেন্স আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এসকে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, বেশ কয়েকজন নির্বাহী পরিচালক, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি মোহাম্মদ নুরুল আমীনসহ তফসিলী ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ড ও বিলের দ্বিতীয় স্তরের বাজার (সেকেন্ডারী মার্কেট) বিস্তার করার জন্য সবার আগে এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। কারণ সফলতার জন্য মার্কেটিং জরুরী। এ কার্যক্রমের আওতায় এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে সব ধরনের বিল ও বন্ডের তথ্য প্রদর্শন করা হবে। বন্ড ও বিল ক্রয় বিক্রয়ের জন্য ওভার দি কাউন্টার (ওটিসি) ট্রেডের পাশাপাশি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ট্রেডার ওয়ার্ক স্টেশন (টিডাব্লিউএস) পরিচালনা করা হবে। অনলাইনে বেচা-কেনার জন্য ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে নির্দিষ্ট ব্যবহারকারী সনাক্তকরণ নম্বর (ইউজার আইডি) খুলে এ লেনদেনে অংশ নিতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ লেনদেন চলবে।
