২৮ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করে প্রতিক্ষার অবসান ঘটালো ইংল্যান্ড ক্রিকেট দল। ১৯৮৪-৮৫ মৌসুমে ডেভিড গাওয়ারের পর ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ে ইতিহাস গড়লো অ্যালিস্টার কুকের ইংল্যান্ড।
সোমবার নাগপুর টেস্টের পঞ্চম দিন জুড়েই ছিল ব্যাট হাতে ইংল্যান্ডের প্রতিরোধ। ভারতকে দ্বিতীয় ইনিংস খেলতেই দিলো না সফরকারীরা। ইংল্যান্ড ৪ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে নাগপুর টেস্ট ড্রতে নিষ্পত্তি হয়। চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা।
আগের দিনে তিন উইকেটে ১৬১ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের কোন সুযোগই দেননি দুই ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট ও ইয়ান বেল। এই দুই ব্যাটসম্যানের ২০৮ রানের জুটির উপর ভর করে নাগপুর টেস্ট ড্র করতে ঝামেলায় পোহাতে হয়নি সফরকারীদের।
১৪৩ রান করে জোনাথন ট্রট রবীচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলীর হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে এলেও আরেক ব্যাটসম্যান ইয়ান বেল শেষ পর্যন্ত ১১৬ রান করে ক্রিজে অপরাজিত ছিলেন।
ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। সিরিজ সেরার পুরস্কার পান ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংলিশ অধিনায়ক কুক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশেষ দিন, বিশেষভাবে শেষ হল টেস্ট সিরিজ। আজকের উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করেছে। ট্রট ও বেল দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাটিং করেছে। সব কিছুর শেষটা ভালো ভাবে করতে পেরে সত্যি আনন্দ লাগছে। দলের যত প্রশংসা করা হবে সেটাই কম হবে।’
পরাজিত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘ব্যাটিং বিভাগ আমাদের গোটা সিরিজ জুড়েই ভুগিয়েছে। স্পিনাররা ভালো বল করতে পারেনি। তবে, সিরিজে আমাদের জন্য কয়েকটি ইতিবাচক দিক ছিল যেমন- পুজারার ভালো ব্যাটিং কিংবা গম্ভীরের রানে ফেরা।’
স ং ক্ষি প্ত স্কো র
টস - ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস - ৩৩০ (পিটারসেন ৭৩, রুট ৭৩, প্রায়র ৫৭, সোয়ান ৫৬, চাওলা ৪/৬৯) ও দ্বিতীয় ইনিংস ৩৫২/৪ ডিক্লেয়ার (ট্রট ১৪৩, বেল ১১৬*)
ভারত প্রথম ইনিংস - ৩২৬/৯ ডিক্লেয়ার (কোহলী ১০৩, ধোনি ৯৯*, অ্যান্ডারসন ৪/৮১)
ফল- ম্যাচ ড্র
সিরিজ- ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা - জেমস অ্যান্ডারসন
সিরিজ সেরা - অ্যালিস্টার কুক
