পাকিস্তানের অস্ত্র বিপিএল!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাপ দেয়ার অস্ত্র ছিল আইসিসির সহ-সভাপতিত্ব। সে পদে বাংলাদেশের প্রতিনিধি আ হ ম মোস্তফা কামালকে পিসিবি সমর্থন দিয়ে দেয়ার পর বিসিবি একটু পিছিয়ে এসেছিল মূল প্রতিশ্রুতি থেকে। সে ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে বিপিএলকে। পাকিস্তানী সংবাদ মাধ্যমের দাবি, বাংলাদেশ সে দেশে সফরে না গেলে বিপিএলে কোনো খেলোয়াড় পাঠাবে না বলেই বিসিবিকে চাপ দিচ্ছে তারা। পাকিস্তানের ডন পত্রিকার খবর, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিপিএলে কোন পাকিস্তানি ক্রিকেটারকে খেলার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। গত সপ্তাহে বিসিবিকে পাঠানো এক চিঠিতে পিসিবি সেটি উল্লেখও করেছে। বিসিবির আগের কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সে অনুযায়ী ২৯ এপ্রিল সফর চূড়ান্তও হয়েছিলো। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞার জন্য শেষপর্যন্ত পাকিস্তান সফর বাতিল হয়ে যায়। প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আইসিসির সিওসির সর্বশেষ সভায় তুলোধুনো হয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন চৌধুরী। বিসিবির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আইসিসির অন্য দেশগুলোও পাকিস্তানের হয়ে সিইও নিজামউদ্দিনের ওপর চাপ তৈরি করে। তারই প্রেক্ষাপটে বিসিবি পাকিস্তান সফরের প্রস্তুতি নিয়েছে। ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছেন বিসিবি সভাপতি। খেলোয়াড়রাও পাকিস্তান সফর নিয়ে আপত্তি করেননি। এখন সফর নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলেই বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিলামে তোলা যাবে। সূত্র: বাংলা নিউজ