মরিনহোর লা লিগা স্বপ্ন শেষ!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৭
স্পষ্ট কথার জন্যই তার খ্যাতি। যত অপ্রিয়ই হোক, মুখের ওপর মনের কথাটা বলে ফেলেন নির্দ্বিধায়। এবার হোসে মরিনহো প্রমাণ করলেন নিজের দলের জন্য অপ্রিয় কথাটাও বলে ফেলতে পারেন অনায়াসে। সারা পৃথিবী যখন বুঝতে পারছে যে লা লিগার চলতি মৌসুমের ট্রফি থেকে অনেকদূরে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ; এই সত্যিটা অকপটে মেনে নিলেন রিয়ালের পর্তুগিজ কোচ। সোজা বলে দিলেন, ‘লিগ জেতা এখন প্রায় অসম্ভব।’ রোববার রাতের আগে পর্যন্ত তবু কিছুটা স্বপ্ন ছিল রিয়ালের। কিন্তু একই রাতে বার্সেলোনা ৩ পয়েন্ট এগিয়ে যাওয়ায় এবং রিয়াল ২ পয়েন্ট পিছিয়ে পড়ায় এখন দু’দলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ১৩! অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গত ১৬টি ম্যাচে ১৫তম জয় নিয়ে যেখানে বার্সেলোনা নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে সেখানে লিগ টেবিলের তলানিতে থাকা এস্পানেয়লের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সকলকে হতাশ করেছে রিয়াল। পয়েন্ট টেবিলের এই চিত্র ফিরে দেখে হতাশ মরিনহো স্বীকার করতে বাধ্য হয়েছেন, ‘লিগ শিরোপা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই প্রথমবারের মত লা লিগায় আমি এমন পরিস্থিতির মুখোমুখি হলাম যেখানে আমার দল কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেকদূরে দাঁড়িয়ে আছে। ১৩ পয়েন্ট অনেক বড় ব্যবধান যা কাটিয়ে ওঠা অসম্ভব। কিন্তু এখন আমাদের সামনে একটাই লক্ষ্য ম্যাচগুলোতে মাঠে নেমে নিজেদের স্বাভাবিক খেলা ধরে রাখা।’ রোববারের ম্যাচটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মরিনহো বলেন, ‘ক্রিস্টিয়ানো ভাল খেলেছে। কিন্তু তার সতীর্থরা নয়। তাদের দেহের ভাষা ভাল ছিল, কিন্তু আমাদের ভাগ্য সহায় ছিল না। খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে আমাদের জয় প্রাপ্য ছিল। কিন্তু আমরা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছি।’ তবে দলের এই ব্যর্থতায় সব চাপ এসে পড়েছে কোচ মরিনহোর উপরে। ইতোমধ্যেই স্প্যানিশ গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে খেলোয়াড়দের সম্পর্কে তার সমালোচনার কারণে ড্রেসিংরুমে বিরোধ দেখা দিয়েছে।