বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

মাঠে ফিরেই শেখ রাসেলকে জেতালেন জাহিদ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৯
ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল শেখ রাসেলের উইংগার জাহিদ হোসেনকে। দল ফাইনালে উঠলেও তার খেলা হয়নি। লাল কার্ডের কারণে তাকে ফাইনাল এবং লিগের দুই ম্যাচ বাইরে থাকতে হলো। সাসপেনশন কাটিয়ে গতকাল মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে মাঠে নেমে ছিলেন দেশ সেরা উইংগার জাহিদ। তার গোলের উপর ভর করে শেখ রাসেল হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। ম্যাচের ৩৪ মিনিটে পাওয়া গোলটি শেখ রাসেলকে জয় এনে দিলেও মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, তারা (শেখ রাসেল) উপহার পেয়েছে। শেখ জামাল এবং শেখ রাসেলের কাছে টানা দুই ম্যাচ হারলো মানিকের মুক্তিযোদ্ধা। আর অন্য দিকে আবার জয়ে ফিরল শেখ রাসেল। আগের ম্যাচে মোহামেডানের কাছে ৩-১ গোলে নাস্তানাবুদ হওয়ার পর গতকাল মুক্তিযোদ্ধার সামনে শেখ রাসেলের লক্ষ্য ছিল ভালো খেলার চেয়ে ম্যাচ জিততে হবে। লক্ষ্যটা পূরণ হলেও ম্যাচটা হাতছাড়া হওয়ার মতো যথেষ্ট সুযোগও ছিল। কারণ মুক্তিযোদ্ধা সংসদের আফ্রিকান ফরোয়ার্ড চিগোজা ডার্লিংটন ইউসুফের উদ্দেশে দারুণ একটি বল পেলেছেন শেখ রাসেলের ছোট বক্সে। ইউসুফ শেখ রাসেলের গোলকিপার বিপ্লবকে একা পেয়ে বল রিসিভ করে জালে ঠেলে দিতে গিয়ে নিজেই মাটিতে পড়ে যান। সমতা আনার সুযোগটি নষ্ট হয়। আফসোস আর শেষ হয় না সাইড লাইনে দাঁড়ানো কোচ মানিকের। শেখ রাসেলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদ ম্যাচের শুরুতেই ডিফেন্সিভ ফুটবল খেলেছে। শেখ রাসেলের আক্রমণ ঠেকাতে গিয়ে মুক্তিযোদ্ধা একসাথে সাত জন ফুটবলার ডিফেন্স সামাল দিয়েছেন। উইংগার রোকনুজ্জামান কাঞ্চন খেলেছেন রক্ষণভাগে। তারপরও এই কাঞ্চনের ভুলের কারণে গোল হজম করতে হয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। শেখ রাসেলের মামুনুল ইসলাম বল ক্রস করেন। কাঞ্চন ব্যাক হেড করে পেছনে থাকা গোলকিপার জিয়াকে তুলে দিয়েছেন। মাঝখান থেকে দৌড়ে এসে টোকা দিয়ে বলটা জালে জড়িয়ে দেন ১-০। ম্যাচের পর অবশ্য কাঞ্চন বলেছেন, আমি জিয়াকে তুলে দিলাম আর সে কিনা---।’ দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধার খেলাটা বদলে গেল। ডিফেন্সিভ ফুটবলের বদলে আক্রমণাত্মক খেলতে শুরু করেন তারা। তাতে গোলের সুযোগ আসলেও কাজে লাগেনি। ইউসুফের পর সমতা আনার সুযোগ নষ্ট করেন ডার্লিংটন। গোলপোস্টের সামনে বল পেয়ে তিনি মাথা লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে শেখ রাসেলকে এগিয়ে যাওয়ার সুযোগটা নষ্ট করেছেন এমিলি। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার নাইজেরিয়ান ড্যামি এবং গোলকিপার জিয়ার ভুলে এমিলি বক্সের ভেতরে বল পান। তিনি পোস্টে না রেখে বল মারলেন গোলকিপার জিয়ার গায়ে। শেখ রাসেলের আগামী ম্যাচ আবাহনীর বিরুদ্ধে শুক্রবার। তার আগ পর্যন্ত খেলা নেই।