ফ্রাঞ্চাইজি জাতীয় লিগ শুরু ২৪ ডিসেম্বর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৯
সিঙ্গেল রাউন্ডভিত্তিক ফ্রাঞ্চাইজি জাতীয় লিগ শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর থেকে। গতকাল সোমবার টুর্নামেন্ট কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। আটটি বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে। উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে ভাগ করা দলগুলো একে অপরের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলবে। এবারের জাতীয় লিগের সেরা ১২০ জন খেলোয়াড় বাছাই করে চারটি অঞ্চলের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রতিটি অঞ্চলকে ৩০ জন খেলোয়াড় দেয়া হবে। সেখান থেকে তারা সেরা একাদশ নির্বাচন করবে। চারটি অঞ্চলের এখনো ফ্রাঞ্চাইজি ঠিক হয়নি। তিনটি ফ্রাঞ্চাইজি পাওয়া গেলেও একটি ফ্রাঞ্চাইজির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরি সুজন। তিনি বলেন, ‘আমরা আশা করছি ফ্রাঞ্চাইজি জাতীয় লিগ শুরুর আগে চতুর্থ ফ্রাঞ্চাইজি পেয়ে যাব। যদি না পাওয়া যায়, তবে একটি অঞ্চলের সমস্ত খরচ বিসিবি ব্যয় করবে’।