চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

আরো এগিয়ে গেল মুক্তিযোদ্ধা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:২২
ওশেন শিপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে সিটি কর্পোরেশন একাদশ। মুক্তিযোদ্ধা সংসদ প্রথম ম্যাচে হেরে চাপে পড়লেও ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক দলনায়ক দেবাশীষ বড়ুয়া দেবুর তত্ত্বাবধানে দলটি এখন অনেকটা চাপমুক্ত। গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ২-০ গোলে উদয়ন সংঘকে পরাজিত করে। বিরতি পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। বিরতির পর চমত্কার সমন্বয় গড়ে তুলে তারা ম্যাচ জিততে সক্ষম হয়। দলের পক্ষে নুরুল আবছার ও মোজাম্মেল গোল করেন। মুক্তিযোদ্ধার ৫ ম্যাচ শেষে ১২ এবং উদয়ন সংঘের অর্জন মাত্র ২ পয়েন্ট। শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন ও বিসিআইসি ক্রীড়া সংসদের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। ৫ ম্যাচ শেষে ব্রাদার্স ইউনিয়ন ১০ এবং বিসিআইসি অর্জন করে ১১ পয়েন্ট।