দেশে অঘোষিত ইমার্জেন্সি চলছে মন্তব্য করে বিএনপির সমন্বয়কারী দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর প্রাইভেট বাহিনী এই ইমার্জেন্সি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী গর্বের সঙ্গে আইনি প্রক্রিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ছাড়া হয়েছে বলে যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট যে, বিরোধীদের শায়েস্তা করার জন্য এই সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে। এই উদ্দেশ্যে আরো ১১ জন শীর্ষ কিলারকে ছাড়া হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভার সিদ্ধান্তসমূহ তুলে ধরে তরিকুল ইসলাম বলেন, বিরোধী দলকে দমানোর জন্য পুলিশ-র্যাবকে ক্ষমতাসীনরা দলীয় ভাড়াটিয়া বাহিনীতে পরিণত করছে। যুবলীগ, ছাত্রলীগকে নির্দেশ দিচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে ছেড়ে দিচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু,আব্দুল লতিফ জনি, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
