দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকদের (এফবিসিসিআই) প্রথম বোর্ড সভা গত সোমবার মতিঝিলের ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ অন্য পরিচালকবৃন্দ। সভায় দেশের সামগ্রিক অর্থনীতি ও বিরাজমান রাজনীতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি, আপীল বোর্ড, হাউজ কমিটিসহ বিদ্যমান অনেকগুলো কমিটি নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপস্থিত পরিচালকরা বর্তমানে ব্যাংক ঋণের সুদের হারকে অস্বাভাবিক আখ্যায়িত করে ব্যবসায়ের ক্ষেত্রে এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। তারা মনে করেন, ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনা সম্ভব না হলে ব্যবসায়ের চলমান স্থবিরতা কাটিয়ে উঠা সম্ভব হবে না। এ বিষয়টিকে এফবিসিসিআই গুরুত্বের বিবেচনায় শীর্ষে রেখেছে। এ নিয়ে সংগঠনটি বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে শিগগিরই বৈঠক করবে। আগামী মাস থেকেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে বদ্ধপরিকর তারা।
এ বিষয়ে ইত্তেফাককে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমাদের চেষ্টা থাকবে আগামী এক মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনার বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ নেয়ার। আমরা হয়তো সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে পারব না, তবে বিদ্যমান অস্বাভাবিক হার থেকে অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হবো। কীভাবে এই হার কমিয়ে আনা যায় তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বসবো। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথেও বসবো। ব্যবসায়ীদের দাবি, বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার ১৮ শতাংশ থেকে ২১ শতাংশ পর্যন্ত। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে মধ্যস্থতায় আগ্রহী নয় ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটি। হেলাল উদ্দিন বলেন, আমরা মনে করি না রাজনীতি নিয়ে আমাদের কথা বলতে হবে। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে এ বিষয়ে আমরা কথা বলবো না। চলমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও মনে করেন তিনি।
