ফেইসবুকে খামেনি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:০৬
সরকারবিরোধী আন্দোলনে সহায়ক হওয়ায় ইরানে ফেইসবুক ব্যবহার নিষিদ্ধ হলেও সম্প্রতি ফেইসবুকের নতুন ব্যবহারকারী হিসেবে আবির্ভূত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মাত্র কিছুদিন আগে তৈরি করা এই পাতায় ৭৩ বছর বয়সী খামেনির বিভিন্ন বক্তৃতা ও ফতোয়াসহ বিভিন্ন সময়ের অনেক ছবি প্রকাশ করা হয়েছে। নতুন এ পাতাটি আয়াতুল্লাহ খামেনির কার্যালয় থেকে অনুমোদিত এবং সেখান থেকেই পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার এ পাতাতে ‘লাইক’র সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ফেইসবুকে খামেনির নামে এর আগে বিভিন্ন পাতা থাকলেও সেগুলো তার ভক্তদের তৈরি করা ছিলো। নতুন এ পাতাটিতে প্রকাশিত একটি ছবিতে ইসলামি রাষ্ট্র হিসেবে ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সঙ্গে তরুণ বয়সের আলি খামেনিকে দেখা যায়। ১৯৬০’র দশকের শুরুর দিকে এ ছবিটি তোলা হয়। ফেইসবুক পাতাটির বার্তা ও প্রকাশিত বিষয়বস্তুগুলোর সঙ্গে টুইটার, ইন্সটাগ্রামে আলি খামেনির পাতা ও তার কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইটটির বেশ মিল রয়েছে। খামেনির কার্যালয়ের ওয়েবসাইটটি ১৩টি ভাষায় প্রকাশিত হয়। ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ করে ইরানের রাস্তায় বিক্ষোভ আয়োজনে বড় ভূমিকা রাখে ফেইসবুক। এরপর থেকে ইরানে ফেইসবুক, টুইটারসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট নিষিদ্ধ ও ব্লক করে দেয়া হয়। তবে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে এসব ওয়েবসাইট ব্যবহার করে থাকে ইরানিরা। ইতোমধ্যে দেশের ভিতরেই নিজস্ব সামাজিক যোগাযোগ ওয়েবসাইট তৈরির ঘোষণা দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরে নিষিদ্ধ করা হলেও বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে নিজেদের বক্তব্য ও মতামত পৌঁছে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোর প্রতি ইরান সরকার আগ্রহী হয়ে উঠেছে।