কমলো বিপিএল খেলোয়াড়দের ন্যূনতম দাম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের পারিশ্রমিকের অংক কমিয়ে আনা হয়েছে। কমেছে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকও। তবে পারিশ্রমিকের অংক কমে যাওয়ায় খেলোয়াড়দের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। প্রথম বিপিএলে খেলোয়াড়দের সর্বোচ্চ দর ছিল দুই হাজার ডলার। সেখানে এবার গোল্ডেন নামের ক্যাটাগরির জন্য সর্বোচ্চ দর ধরা হয়েছে ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত। এই ক্যাটাগরিতে বিদেশি খেলোয়াড়রা থাকলেও জাতীয় দলের মাত্র চারজন খেলোয়াড় এই পারিশ্রমিক পাবেন। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি, ইমরান নাজির, সাঈদ আজমল। ইংল্যান্ডের লুক রাইট, ওয়াইজ শাহ, দিমিত্রি মাসকারেনহাস। ওয়েষ্ট ইন্ডিজের টিনো বেষ্ট, সুনীল নারিন, ডুয়েন ব্রাভো, কিয়েরন পোলার্ড, এন্ড্রু রাসেল, ফিডেল এডওয়ার্ডস অন্যতম। এই ক্যাটাগরিতে অস্ট্রেলিয়ার ব্রাড হগও রয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে জাতীয় দলের সাত খেলোয়াড় রয়েছে। তবে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট ও ওয়ানডেতে দুর্দান্ত পারফর্মেন্স করায় এনামুল হক বিজয় উঠে এসেছেন ‘এ’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে রয়েছেন অফ-ফর্মে থাকা মোহাম্মদ আশরাফুল, আছেন মাশরাফি বিন মুর্তজাও। অলরাউন্ড পারফর্মেন্স করে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছেন জিয়াউর রহমান জিয়াও। এই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবে ৩০ হাজার থেকে ৫০ হাজার ডলার। বিদেশিদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের উমর গুল, আব্দুল রাজ্জাক. ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, কামরান আকমল, উমর আকমল। ইংল্যান্ডের আজহার মাহমুদ, রবি বোপারা, ফিল মাষ্টার্ড। ক্যারিবিয়ান দলের ডুয়েন স্মিথ ও শিবনারায়ন চন্দরপলও রয়েছে এই ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে ১৭ জন খেলোয়াড় সুযোগ পেয়েছে। ২০ হাজার থেকে ৩০ হাজার ডলারে এদের দর কষাকষি হবে। আর সি ক্যাটাগরির জন্য নির্বাচিত করা হয়েছে ৮৫ জন খেলোয়াড়কে। এদের মূল্য ধরা হয়েছে ১০ থেকে ২০ হাজার ডলার। এদিকে বিপিএলে দ্বিতীয় আসরে টাইটেল স্পন্সর হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে প্রাইম ব্যাংক লিমিটেড। বিপিএল গভর্নিং বডির পক্ষ থেকে জানানো হয় সাত কোটি টাকার বিনিময়ে টাইটেল স্পন্সর পেতে যাচ্ছে ব্যাংকটি।