চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘটেছে আগেই; ইংলিশ প্রিমিয়ার লিগেও অবস্থাটা বিশেষ সুবিধার নয়; ক্লাব বিশ্বকাপের ফাইনালে করিন্থিয়াসের কাছে ১-০ গোলে হারের পর এখন অনেকটা যায় যায় অবস্থা চেলসির। জয়ে ফিরতে মরিয়া কোচ রাফায়েল বেনিতেজের দল ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচে আজ রাতে লিডস ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপার স্বপ্ন এখন অনেকটাই ম্লান চেলসির। হতাশাকে আড়াল করতে এখন ব্লুজ দলের ভরসা ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচ। দলের সহ-অধিনায়ক ল্যাম্পার্ড জানালেন, লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় নিয়ে হতাশা মুছে ফেলতে চায় তার দল। শেষ ষোল’র ম্যাচের আগে দ্য সানকে তিনি বলেন, ‘আমরা লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ জিতে হাসি মুখে ঘরে ফিরে আসতে চাই। জাপানে যাওয়ার আগে আমরা স্যান্ডারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছি। শুধু এই ম্যাচ নয় সামনের ম্যাচগুলোতেও জয় ছাড়া অন্য কিছু আমাদের ভাবনাতে নেই।’
