ভেঙ্গে দেয়া হলো ন্যাশনাল টিমস কমিটি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
জাতীয় ফুটবল দলের দেখভালের দায়িত্বে থাকা বাফুফের ন্যাশনাল টিমস কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে গত ১৬ ডিসেম্বর। কিন্তু গত কয়েকদিন ধরে সেটি গোপন রাখর পর গতকাল প্রকাশ করেছে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিনের সাথে আলোচনা করে কমিটি ভেঙ্গে দিয়েছেন বলে জানা গেছে। বাফুফে সূত্রে জানা গেছে, কমিটির চেয়ারম্যান তার সদস্যদের নিয়ে কাজ করে সন্তুষ্ট হতে পারছেন না বলে কমিটি ভেঙ্গে দেয়ার আলোচনা করেন সভাপতির সাথে। বাফুফে সভাপতি বলেন, নাবিল আমাকে কমিটি ভেঙ্গে দিতে বলেছিল। কিন্তু আমি সেটা না করতে চাওয়ায় নাবিল নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন। তখন আমার সাথে পরামর্শ করে কমিটি ভেঙ্গে দিয়েছে নাবিল। ওর (নাবিল) কাজ করতে সমস্যা হচ্ছিল।’ জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স ভালো না। চ্যালেঞ্জ কাপ ফুটবলের জন্য জাতীয় দলটাকে গড়ার জন্য প্রস্তুতি নিয়ে নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়ার সাথে খেলেছে বাংলাদেশ। এরপর অনূর্ধ্ব-২৩ যুব ফুটবল দল শ্রীংলংকা টুর্নামেন্টে খেলেছে কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ফুটবলের ভরাডুবি হয়েছে। এরজন্য নতুন কমিটি গড়ে পুনরায় কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। সালাহউদ্দিন বলেন, আমি চাই রেজাল্ট ভালো হোক। শুধু আমি কেন ? দেশের মানুষ রেজাল্ট চায়।’ তিনি বলেন, চেলসির কোচ তিন মাস পরই বদলে যায় কেন ? নতুন কমিটি গঠন করার পর ব্যর্থ হলে প্রয়োজনে আবার কমিটি গঠন করা হবে।’ ব্যর্থ কী শুধুই অন্য কর্মকর্তারা ? ব্যর্থতার দায়-দায়িত্ব কী চেয়ারম্যানের উপর পড়ে না ? এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, নাবিল চাচ্ছিল কমিটি চেঞ্জ হোক।’ এব্যাপারে কাজী নাবিলের সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, তিনি সাংবাদিকদের জানিয়েছেন, শুধু বাজে রেজাল্টের জন্যই নয়। কমিটির কার্যক্রম গতিশীল করা, ভালো কিছু এবং ব্যক্রিতম কিছু করার জন্যই নতুন করে কমিটি গঠন করার প্রয়োজন।’ জানা গেছে, এবারের কমিটি হবে পাঁচ সদস্যের। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেছেন, আমরা নাবিলকে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান মনোনয়ন দিয়ে বলে দিয়েছিলাম বাকিটা সে গঠন করে নেবে। কমিটি সে করেছে।’ এই কমিটিতে রয়েছেন চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ডেপুটি চেয়ারম্যান সামসুল হক চৌধুরি এমপি। সদস্যরা হলেন আমিরুল ইসলাম বাবু, সত্যজিত্ দাস রুপু, ইকবাল হোসেন, আরিফ হোসেন মুন, খুরশিদ আলম বাবুল, জসিম উদ্দিন জোসি, মো. মহসিন। সদস্য ছয়জনই ছিলেন খ্যাতনামা ফুটবলার। তাদের উপর দায়িত্ব দিয়ে সন্তুষ্ট হতে পারেনি বাফুফে। জাতীয় দল একের পর এক ব্যর্থ হয়েছে। বিশেষ করে শ্রীলংকায় যুব ফুটবল দলের পাকিস্তান, শ্রীলংকার কাছে হার মেনে নিতে পারেননি বাফুফের কর্মকর্তারা।