আনন্দঘন ও উত্সব মুখর পরিবেশে চট্টগ্রামে এবি ব্যাংক ৩৩ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম ভবনে প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল মঙ্গলবার গ্রুপ পর্যায়ের প্রথম পর্বে ২০টি খেলার নিষ্পত্তি হয়। এতে বাগেরহাট, রংপুর ফরিদপুর, গাইবান্ধা, নড়াইল, রাজশাহী, স্বাগতিক চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিমান, আনসার, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা, যশোর, ফেনী প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে জয়ী হয়। তাছাড়া আনসার, নড়াইল ক গ্রুপে এবং ঢাকা ও রংপুর জেলা খ গ্রুপের ফাইনালে উঠেছে। প্রতিযোগিতায় জয়পুর হাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বান্দরবান, গোপালগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরিয়তপুর, পটুয়াখালী প্রথম ম্যাচে হেরে পয়েন্ট খুইয়েছে।
গতকাল সন্ধ্যায় বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি প্রধান অতিথি ছিসেবে থেকে ছয় দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন। টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম বিশেষ অতিথি ছিলেন। সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি জেলা প্রশাসক আবদুল মান্নান, টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদা, সাংগঠনিক কমিটির আ.জ.ম নাছির উদ্দিন বক্তব্য রাখেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি সাহেদ আজগর চৌধুরী, শাহীন আফতাবুর রেজা চৌধুরী এই সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন।
