সুস্থ মানুষের ওষুধ সেবন উচিত নয়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪০
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা রিপোর্টে গবেষকগণ সুস্থ মানুষের জন্য ওষুধের ব্যবস্থাপত্র না দেয়ার জন্য চিকিত্সকদের অনুরোধ করেছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও গবেষণার কো-অথার সিনথিয়া ফরলিনি উল্লেখ করেন অনেক সুস্থ মানুষ এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থী পর্যন্ত তাদের মনোযোগ বাড়ানো, স্মৃতিশক্তি প্রখর করাসহ কারণে-অকারণে ওষুধ সেবনের দিকে ঝুঁকছেন। এমনকি গবেষণায় বলা হয়, কত লোক এধরনের ওষুধ সেবন করেন তার কোন তথ্য নেই। তবে অন্তত শতকরা ১১ ভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ ধরনের অপ্রয়োজনীয় ওষুধ সেবনে অভ্যস্ত হয়ে পড়েছে বলে তথ্য পেয়েছেন গবেষকগণ। সিনথিয়া ফরলিনি আরও উল্লেখ করেছেন, এধরনের ওষুধ, মাল্টিভিটামিন সেবনে (মেমোরি বুস্টার) সুস্থ মানুষের খুব সামান্যই লাভ হয় যা তাদের কোন প্রয়োজন নেই। তবে শরীরে ক্ষতি হয় লাভের চেয়ে খানিকটা বেশি। আর যারা এ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডার বা এডিডি সমস্যার জন্য ওষুধ সেবন করেন তাদের ওষুধের পরিবর্তে চিকিত্সকগণ যেন বুঝিয়ে বলেন এধরনের সমস্যায় ওষুধের কোন ভূমিকা নেই এবং তারা যেন ওষুধ পরিহার করতে চেষ্টা করেন। এমনকি কানাডিয়ান পাবলিক ফান্ডেড হেলথ কেয়ার সিস্টেমেও এধরনের কগনিটিভ এনহ্যান্সমেন্ট ড্রাগের ব্যবস্থাপত্র দেয়ার কোন সুযোগ নেই। গবেষণায় আরও বলা হয়, শুধু মনোযোগ বৃদ্ধি, মেমোরি বুস্টআপ বা মনের জোর বাড়ানোর জন্য ব্যবহূত ওষুধ পরিহার করা উচিত তাই নয়, সুস্থ মানুষের অপ্রয়োজনে কোন ধরনের ওষুধই সেবন করা উচিত নয়, কারণ সব ওষুধেরই কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া আছে।