শিক্ষা ভবনের ভাবমূর্তি কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪১
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, শিক্ষাভবনের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে। তবে এ ধারাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে হবে। মঙ্গলবার শিক্ষাভবনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং শিক্ষাভবন লাইব্রেরি উদ্বোধন, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রণীত পোস্টার এবং ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: অতীত ও বর্তমান’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উত্সবে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার শুরুতে শিক্ষাভবন ছিল দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলার শীর্ষে। আমরা ভাবমূর্তি পরিবর্তনের লক্ষ্যে একে স্বচ্ছ, দক্ষ, দুর্নীতিমুক্ত ও গতিশীল করার আহ্বান জানিয়েছিলাম। শুধু বাহ্যিক চাকচিক্য নয় কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন, কাজের পরিবেশ ও সেবার মান উন্নত করতে বলেছিলাম। ইতিমধ্যে অনেকটা পরিবর্তন এসেছে।