শান্তিপূর্ণ হরতালের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪২
সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার শান্তিপূর্ণ হরতালের জন্য ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ ধন্যবাদ দেন। তিনি বিরোধী দলের প্রতি বিশৃংখল ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা না করে এ থেকে শিক্ষা নেয়ারও পরামর্শ দিয়েছেন। বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, পল্টনে ইবিএল ক্রসিংয়ে একটি লেগুনার কাঁচ ভাঙা ছাড়া ঢাকাসহ সারাদেশের কোথাও কোনো বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়নি। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালন হয়েছে। তাই তাদের (হরতালকারীদের) রক্ষা করতে পুলিশ সহযোগিতা করেছে। আগামীতে যারা হরতাল করবে তারা যেন এ হরতাল থেকে শিক্ষা নেয়। স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেন, হরতাল একটি ব্যতিক্রমী কর্মসূচি। এ ধরনের কর্মসূচিতে মানুষের জীবনের ওপর যেন বিরূপ প্রভাব সৃষ্টি না হয়।