কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ৯ ভারতীয় বন্দীর সাজার মেয়াদ শেষ হলেও আইনী জটিলতার কারণে দেশে ফিরতে পারছে না। বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) হাতে বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৮ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৯ জনের সাজার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে।
ভারতীয় সরকারের ক্লিয়ারেন্স না থাকায় সৃষ্ট আইনী জটিলতায় তাদেরকে মুক্তি দেয়া যাচ্ছে না বলে জানায় কারা কর্তৃপক্ষ। এ নিয়ে দুই দেশের মধ্যে চিঠি চালাচালি চললেও ভারতীয় সরকারের ধীরগতির কারণেই তাদের বাড়ি ফেরা ঝুলে আছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুবোধ রঞ্জন সাহা গতকাল মঙ্গলবার এ কথা নিশ্চিত করেন।
জানা গেছে, বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বিদেশি বন্দী আছে ২১ জন। এর মধ্যে ১ জন মহিলাসহ ১৮ জন ভারতীয় এবং ৩ জন মিয়ানমারের নাগরিক। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ ও নানা অপরাধে বিজিবি’র হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে এসেছে।
