মুক্তিযোদ্ধা ইশারত আলী আজও স্বীকৃতি পাননি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৬
মহান মুক্তিযুদ্ধের ৪১ বছর পরও স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা মোঃ ইশারত আলী। পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ী গ্রামের মৃত টুলু প্রাং’র ছেলে ইশারত আলী ৭১’র রণাঙ্গনে মুক্তিযোদ্ধা হিসেবে কয়েকটি অপারেশনে অংশ নেন। চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহারুল হকের সাথে তিনি পাক বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। অথচ তার নাম নেই মুক্তিযোদ্ধাদের তালিকায়। চাটমোহরে মুক্তিযোদ্ধা হিসেবে বেশ ক’জন অমুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত হলেও মুক্তিযোদ্ধারা রয়েছেন এই তালিকার বাইরে। অমুক্তিযোদ্ধার ছেলে-মেয়েরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পেয়েছেন। ইশারত আলী জানান, অনেক আবেদন-নিবেদন করা হয়েছে, অজ্ঞাত কারণে তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। তার নাম মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করার জন্য তিনি সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।