মিউজিক

জায়ানের ওয়ান ডিরেকশন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৪১
উদ্দীপ্ত কয়েকজন তরুণ নিয়ে জন্ম নেয় ওয়ান ডিরেকশন নামের ব্রিটিশ-আইরিশ পপ ব্যান্ডটি। সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি অ্যাওয়ার্ড জিতল এ ব্রিটিশ-আইরিশ পপ ব্যান্ডটি। এ ব্যান্ডের অন্যতম সদস্য জায়ান মালিক। তাকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ওয়ান ডিরেকশন ইংলিশ-আইরিশ ব্যান্ড। নেইল হোরান, জায়ান মালিক, লিয়ান পেন, হ্যারি স্টাইল ও লুইস টমলিসনকে নিয়ে পথচলা শুরু করে এই পপ ব্যান্ডটি। সম্প্রতি সাইমন কোয়েলের সায়কো রেকর্ডস নামের রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি করেন তারা। এর আগে তারা ব্রিটিশ টেলিভিশনের একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তবে তারা সবার মনোযোগ কেড়ে নিয়েছিল ‘দ্য এক্স ফ্যাক্টর’ শোয়ের মাধ্যমে। ২০১০ সালে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। এ প্রতিযোগিতায় তাদের ব্যান্ডটি সেরা হয়। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের কলোম্বিয়া রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন। তারা পরিণত হয় একটি জনপ্রিয় ব্যান্ডে। পরপর তাদের দুটো অ্যালবামও বের হয়। ২০১১ সালে বের হয় ‘আপ অল নাইট’ এবং সম্প্রতি অর্থাত্, চলতি বছরে মুক্তি পায় ‘টেক মি হোম’ অ্যালবামটি। দুটোই বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে কোনটা থেকে কোনটা বেশি ভালো সেটা তুলনা করা বোকামি। কারণ তাদের প্রতিটা অ্যালবামেই থাকে নতুনত্বের ছোঁয়া। শুধু তাই নয়, বেশ কয়েকটি রেকর্ডও করে ফেলেন তারা। সিঙ্গেল টপ চার্টের শীর্ষে চলে আসে তাদের গান। এর মধ্যে ‘হোয়াট মেকস ইউ বিউটিফুল’ এবং ‘লাইভ হোয়াইল উই আর ইয়ং’ গান দুটো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। সম্প্রতি ওয়ান ডিরেকশন এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডসে সেরা ব্যান্ডের নমিনেশন পায়। তবে অবাক করার মতো ব্যাপার হলো তিনটি বিশেষ ক্যাটাগরিতে তারা পুরস্কারও পেয়ে যায়। রিহানা, কেটি পেরির মতো বিখ্যাত সব স্টারদের পারফর্মেন্সের মাঝেও রীতিমতো উজ্জ্বল ছিল এই ব্যান্ডের সদস্যদের উপস্থিতি। এমনিতেই মাত্র দু’বছর বয়সী এই ব্যান্ড এখন রীতিমতো জনপ্রিয় বিশ্বজুড়ে। ফলে অ্যাওয়ার্ড নিতে ওঠার সময় রীতিমতো উচ্ছ্বাসিত হয়ে ওঠেন উপস্থিত দশর্করা। বেস্ট নিউ আর্টিস্ট, মোস্ট শেয়ার ভিডিও এবং বেস্ট পপ ভিডিও, এই তিনটি ক্যাটিগরিতে সেরার পুরস্কার পেল ওয়ান ডিরেকশন। উন্মাদনা বোধ হয় একেই বলে! তরুণ প্রজন্ম এ ব্যান্ডটিকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাসিত। নবাগত এই ব্যান্ডটির অন্যতম সদস্য হলেন জায়ান মালিক। ইংরেজ ও পাকিস্তানি এই ছেলেটির পুরো নাম জায়ান জাভেদ মালিক। ১৯৯৩ সালের ১২ জানুয়ারি ইংল্যান্ডের বেডফোর্ডে জন্ম নেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের এই সদস্য। বেডফোর্ড সিটি সেন্টারে তার বেড়ে ওঠা। তার জগত্টা গড়ে ওঠে সেখানেই। সেখানকারই একটি প্রাইমারি স্কুলে লেখাপড়ার পাঠ শুরু হয় তার। সেখান থেকেই পার হন হাই স্কুলের গণ্ডিটা। ২০১০ সাল, তখন তার বয়স মাত্র ১৭ বছর। ‘দ্য এক্স ফ্যাক্টর’ নামের একটি মিউজিক্যাল টুর্নামেন্টে নাম লেখান। সংগীতের প্রতি ভালোবাসা আর আগ্রহ থেকেই কাজটা করেন তিনি। ‘লেট মি লাভ ইউ’ গানটি দিয়ে মাতিয়ে ফেলেন সেখানকার জাজদের। ব্যস শুরু হয়ে গেল তার সংগীত জগতের পথে যাত্রা। বর্তমানে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সফল একজন সদস্য তিনি।