স্যাটেলাইট

কালি :এক পুনর অবতার অন্যায়ের বিরুদ্ধে এক মায়ের লড়াই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৪৭
হিন্দি টিভি সিরিয়াল মানেই বউ-শাশুড়ির পুরোনো প্যাঁচাল কিংবা হাই ভোল্টেজ ফ্যামিলি ড্রামা—এমন কথা আজকাল আর বলা যায় না। হিন্দি ডেইলি সোপের গল্পের বিষয়বস্তু ক্রমেই পাল্টে যাচ্ছে। অবাস্তব কাল্পনিক গল্পের চেয়ে এখন বাস্তব জীবনঘেঁষা কাহিনীর সিরিয়ালগুলো দর্শকদের বেশি আলোড়িত করছে। স্টার প্লাস চ্যানেলে সম্প্রতি শুরু হয়েছে তেমনি একটি বাস্তব ঘটনাভিত্তিক নতুন টিভি সিরিয়াল ‘কালি :এক পুনর অবতার’। কয়েক বছর আগে ভারতজুড়ে ঝড়তোলা নীতিশ কাটরা হত্যাকাণ্ডের ঘটনাবলির আলোকে সাজানো নতুন এই টিভি সিরিয়ালের নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন গত বছর স্টার প্লাস চ্যানেলে ‘কালি :এক অগ্নিপরীক্ষা’ সিরিয়ালটি দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। বাস্তব জীবনে ঘটা এক কিশোরী নিপীড়নের চাঞ্চল্যকর ঘটনাবলি এবং সেই ঘটনার বিচার চাইতে গিয়ে কিশোরী মেয়েটি ও তার গোটা পরিবারের উপর নেমে আসা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ভয়ঙ্কর তত্পরতা দেখানো হয়েছিল ‘কালি :এক অগ্নিপরীক্ষা’ সিরিয়ালে। খুব বেশি দিন ধরে না চললেও অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল ওই টিভি সিরিয়ালটি। দর্শক ‘কালি :এক অগ্নিপরীক্ষা’ সিরিয়ালে দেখানো ঘটনাবলির সঙ্গে চারপাশে প্রাত্যহিক বাস্তব জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মিল খুঁজে পেয়েছিলেন। ওই সিরিয়ালের অভাবনীয় সাফল্যে অনুপ্রাণিত হয়েই স্টার প্লাস চ্যানেল এবার নিয়ে এসেছে তেমনি এক ক্রাইম স্টোরি-নির্ভর বাস্তবধর্মী সিরিয়াল ‘কালি :এক পুনর অবতার’। শুরুতে সিরিয়ালটির নামকরণ করা হয়েছিল ‘ন্যায়’। বিভিন্ন টিভি চ্যানেলে সাড়া জাগানো বেশ কিছু হিন্দি সিরিয়াল, যেমন—‘সন্তান’, ‘বান্নো ম্যায় তেরি দুলহান’, ‘না আনা ইস দেশ লাডো’র মতো সিরিয়ালের প্রযোজনা প্রতিষ্ঠান শকুন্তলম টেলিফিল্মস ‘কালি :এক পুনর অবতার’ সিরিয়ালটি নির্মাণ করেছে। আর নতুন এই সিরিয়ালে তুলে ধরা হয়েছে ভারতের চাঞ্চল্যকর নীতিশ কাটরা মার্ডার কেসের বাস্তব ঘটনাবলি। যা দেখতে বসে দর্শক সহজেই এর কাহিনীর সঙ্গে একাত্ম হতে যেতে পারছেন। লক্ষেৗ শহরের পটভূমিকায় ‘কালি :এক পুনর অবতার’ সিরিয়ালের গল্প আবর্তিত হচ্ছে। এই শহরের এক সাধারণ স্কুল শিক্ষক মা বাণী এবং তার দু’ছেলেমেয়ের সংসারের প্রাত্যহিক জীবনের চিরচেনা গল্প দিয়ে শুরু সিরিয়ালটি। বাণীর ছেলে নিমাই শিক্ষিত ভদ্র যুবক। সে ভালোবাসে শহরের প্রভাবশালী গুণ্ডা প্রকৃতির ধনাঢ্য ব্যক্তি রাজকুমার ত্যাগীর মেয়ে সেয়ালিকে। নিমাই তার যোগ্যতা গুণে ভালো চাকরি পেয়ে যায়। নিজের পছন্দের পাত্রী সেয়ালির কথা মাকে জানায় নিমাই। স্কুল শিক্ষক মা ছেলের পছন্দ অনুযায়ী বিয়েতে মত দিলেও সেয়ালির বাবা-মা-ভাই ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে পারে না। সেয়ালির বাবা রাজকুমার ত্যাগীকে সবাই শহরের প্রভাবশালী গুণ্ডা প্রকৃতির মানুষ হিসেবে চেনে। নিজের মেয়ের সঙ্গে সাধারণ এক স্কুল শিক্ষক বিধবা মহিলার ছেলের বিয়ে হোক রাজকুমার ত্যাগী এবং তার পরিবার কোনোভাবেই চায় না। মেয়ের সামনে বিয়ের ব্যাপারে সায় দিলেও আড়ালে চলতে থাকে অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র। একসময় মেয়ের প্রেমিক নিমাইকে পৃথিবী থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পরিকল্পনা করে রাজকুমার ত্যাগী। সেয়ালী তার বাবা রাজকুমার ত্যাগীর আসল পরিকল্পনার ভয়াবহতা অনুমান করতে পারে না। প্রেমিক নিমাইয়ের সঙ্গে বিয়ের মধুর স্বপ্নে বিভোর থাকে সে। একসময় নিমাইকে নির্মমভাবে হত্যা করা হয়। সবাই হত্যার ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখলেও এর প্রতিকার করতে পারে না প্রভাবশালী রাজকুমার ত্যাগীর গুণ্ডামি আর নির্মমার কথা ভেবে চুপ করে থাকে। কিন্তু একমাত্র পুত্র নিমাইকে অকালে হারিয়ে তা স্কুল শিক্ষক মা বাণী শোকে পাথর হলেও একসময় রাজ কুমার ত্যাগীর বিরুদ্ধে হিন্দু পুরানের শক্তি ও সাহসের প্রতীক দেবী কালি হয়ে মুখোমুখি লড়াইয়ে নামে। দোর্দণ্ড প্রভাবশালী শক্তির বিরুদ্ধে এক সাধারণ বিধবা মায়ের সন্তান হত্যার ন্যায় বিচার লাভের জন্য লড়াই শুরু হয়। শুরুতে সেই মায়ের পাশে সহযোগী হয়ে দাঁড়াতে কেউ সাহসী না হলেও একসময় জেগে ওঠে গোটা সমাজ। পুরো শহরের সাধারণ ন্যায় বিচার প্রত্যাশী নারী-পুরুষ এক কাতারে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করে। অন্যায়ের বিপক্ষে অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে স্কুল শিক্ষক সন্তানহারা মা বাণী দেবী কালির শক্তির ধারক হয়ে ওঠে। ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা। তেমনি কাহিনী নিয়ে ‘কালি :এক পুনর অবতার’ সিরিয়ালটি ক্রমেই এগিয়ে যাবে চূড়ান্ত পরিণতির দিকে। নতুন এই সিরিয়ালে এক ঝাঁক দক্ষ অভিজ্ঞ মেধাবী অভিনেতা-অভিনেত্রীর সমাবেশ ঘটেছে। সন্তানের হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে নামা এক বিধবা মা বাণী চরিত্রে রূপদান করছেন মঙ্গল কেনকারে। এর আগে তাকে দর্শক ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে দেখেছেন তাকে। এ ছাড়াও বিভিন্ন অ্যাডেও তাকে দেখা যায়। ‘কালি :এক পুনর অবতার’ সিরিয়ালে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অংশুল ত্রিবেদী (নিমাই), সুধীর নেমা (রাজকুমার ত্যাগী), সোনালি নিকারাম (সেয়ালি), দীপক ওয়াদ্ধা প্রমুখ। স্টার প্লাস চ্যানেলে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে আটটায় ‘কালি :এক পুনর অবতার’ সিরিয়ালটি দেখানো হয়।