কুমারখালিতে সারাদেশ ফোরামের বিজয়ের আয়োজন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৫৭
মহান বিজয় দিবস উপলক্ষে ইত্তেফাক সারাদেশ ফোরাম কুষ্টিয়ার কুমারখালিতে দুই দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপন করে। এতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন ১৬ ডিসেম্বর বেলা ১০টায় কুমারখালি জেএন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরের দিন ১৭ ডিসেম্বর কুমারখালি পাবলিক লাইব্রেরি হলে পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমারখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ। সারাদেশ ফোরামের আহ্বায়ক সাংস্কৃতিক কর্মী তুষার রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন হরবোলা শিল্পী শুভেন্দু বিশ্বাস, সংগীত শিল্পী সব্যসাচী সরকার, অচিন গোস্বামী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারাদেশ ফোরামের সদস্য সচিব সুমন সরোয়ার বকুল। অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালি প্রেস ক্লাবের সভাপতি বাবলু জোয়ারদারসহ আরও অনেকে। সারাদেশ ফোরাম ও কুমারখালি প্রেস ক্লাবের যৌথ আয়োজনে কলকাতার বিখ্যাত চার গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন হরবোলা শিল্পী শুভেন্দু বিশ্বাস, ভারতে মুকাভিনয় শিল্পী অচিন গোস্বামী, হরবোলা শিল্পী স্বপন দত্ত ও সংগীত শিল্পী সব্যসাচী সরকার। দ্বিতীয় পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।