গাইবান্ধার গোবিন্দগঞ্জ মাতিয়ে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী আব্দুল জব্বার। তিনি গত শুক্রবার রাতে গেবিন্দগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত সাত দিনব্যাপী বিজয় মেলায় আনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় ২ ঘণ্টাব্যাপী সংগীত পরিবেশন করে হাজার হাজার দর্শক মাতিয়ে রাখেন। মুক্তিযুদ্ধকালীন এবং বঙ্গবন্ধুর সাথে তার বিভিন্ন স্মৃতিচারণমূলক আলোচনা দর্শকদের বিমোহিত করে। তার পরিবেশন করা পুরোনো দিনের গান ও মুক্তিযুদ্ধের গান উপস্থিত দর্শক-শ্রোতাদের নিয়ে যায় সুরের ইন্ত্রজালে। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা শ্রমিকলীগের সভাপতি বীরমক্তিযোদ্ধা রওশন জাহান সাথী ও বিশেষ অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. সরিফা সালোয়া ডিনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার শিল্পী ছাড়াও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উল্লেখ্য সাত দিনব্যাপী এ মেলা চলেছে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত।
